রাতে ভুলেও খাবেন না এই খাবারগুলি, হতে পারে মারাত্মক ক্ষতি!

সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিকল্প নেই। খাবারে থাকা বিভিন্ন পুষ্টিকর উপাদান শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। তাই চিকিৎসকরা সবসময়ই নিয়ম মেনে খাবার খাওয়ার পরামর্শ দেন। তবে শুধু কী খাচ্ছেন সেটাই নয়, কখন খাচ্ছেন, তার উপরেও শরীরের সুস্থতা অনেকখানি নির্ভর করে। দিনের যেকোনো সময় ইচ্ছেমতো খাবার খেলে তা শরীরের জন্য খারাপ হতে পারে। এমন কিছু খাবার আছে, যা রাতে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
দই:
অনেকেরই রাতে দই খেলে হজমের সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাদের সর্দি-কাশির ধাত রয়েছে, তাদের রাতে টক দই একেবারেই না খাওয়া উচিত। চিকিৎসকদের মতে, সূর্যাস্তের পর দই খেলে শরীরে শ্লেষ্মা জমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই সর্দি-কাশির প্রকোপ বাড়ে। যদি একান্তই দই খেতে ইচ্ছে করে, তাহলে রাতে ঘোল খেতে পারেন।
আটা বা ময়দার তৈরি খাবার:
আমাদের দেশে রাতের খাবারে রুটি একটি পরিচিত পদ। কারও বাড়িতে আটার রুটি হয়, আবার কেউ ময়দার রুটি খেতে পছন্দ করেন। তবে আটা ও ময়দার তৈরি যেকোনো খাবার হজম করতে বেশ সময় লাগে। যাদের রাতে দেরি করে খাওয়ার অভ্যাস, তাদের রাতে আটা-ময়দার তৈরি খাবার না খাওয়াই ভালো। এতে হজমের সমস্যা হতে পারে এবং স্থূলতার ঝুঁকিও বাড়ে।
সালাদ:
অনেকেই ওজন কমানোর জন্য রাতে সালাদ খান। তবে রাতে কাঁচা শাকসবজির সালাদ না খাওয়াই শ্রেয়। শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। রাতে এই ফাইবার হজম করতে অনেকেরই সমস্যা হয়। দুপুরে বা সকালে কাঁচা সালাদ খান, তবে রাতে অল্প অলিভ অয়েলে হালকা ভাপিয়ে বা ভেজে খেতে পারেন।
কফি:
কফি এবং চকোলেট – এই দুটি খাবারেই প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে। রাতে চকোলেট বা কফি জাতীয় জিনিস খেলে ক্যাফিনের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অনেকের রাতে জেগে কাজ করার অভ্যাস থাকে এবং ঘুম তাড়ানোর জন্য তারা ঘন ঘন কফি পান করেন। এই অভ্যাস কিন্তু অনিদ্রার মতো মারাত্মক সমস্যার কারণ হতে পারে।
তাই সুস্থ থাকতে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে রাতে এই খাবারগুলো এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করাই সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি।