ঘুম থেকে জেগে ওঠার পর আপনার প্রথম কাজ কী? সম্ভবত বেশিরভাগেরই উত্তর হবে, বিছানার পাশে রাখা স্মার্টফোনটি হাতে নেওয়া। অ্যালার্ম বন্ধ করা হোক বা সময় দেখা, ঘুম ভাঙতেই ফোন স্ক্রিনে চোখ রাখা যেন আজকের দিনের স্বাভাবিক রুটিন। তবে এই অভ্যাসটি আপনার দিনের শুরুটা মোটেও স্বাস্থ্যকর করে না। বরং এর রয়েছে একাধিক ক্ষতিকর দিক, যা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। চলুন, জেনে নেওয়া যাক ঘুম থেকে উঠেই ফোন হাতে নিলে কী কী ক্ষতি হতে পারে-
১. কমিয়ে দেয় মেটাবলিজম:
সুস্থ শরীরের জন্য মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া সঠিকভাবে কাজ করা অপরিহার্য। কোনো কারণে এই প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে তার স্পষ্ট প্রভাব পড়ে, এমনকি মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল ফোন হাতে নিলে তা আপনার শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এবং মেটাবলিজমের হার কমিয়ে দিতে পারে। শুধু তাই নয়, এর পাশাপাশি তীব্র মাথা যন্ত্রণাও দেখা দিতে পারে।
২. বাড়ায় মানসিক চাপ:
যদি আপনি মানসিক চাপ থেকে দূরে থাকতে চান, তাহলে সকালে ঘুম থেকে উঠেই ফোন ধরা বন্ধ করুন। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ফোন ঘাঁটতে শুরু করলে মানসিক চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই অভ্যাস আপনার স্ট্রেসের মাত্রা দ্বিগুণ করে দিতে পারে। তাই অকারণে মানসিক চাপ এড়িয়ে চলুন। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মনকেও সুস্থ রাখা জরুরি।
৩. চোখের জন্য ক্ষতিকর:
চোখের স্বাস্থ্য রক্ষা করতে হলে কিছু অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করতে হয়, যার মধ্যে অন্যতম হলো সকালে উঠেই ফোন ঘাঁটার অভ্যাস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘ সময় ধরে উজ্জ্বল আলোযুক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে তা আপনার চোখের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এর ফলে চোখে অস্বস্তি, মাথাব্যথা এবং চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, যা দীর্ঘমেয়াদে আপনার চোখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
৪. দুর্বল করে হজমক্ষমতা:
শুধু স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ করাই যথেষ্ট নয়, সেই খাবার সঠিকভাবে হজম হওয়াও জরুরি। বিশেষজ্ঞদের মতে, সেলফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (ইএমএফ) আপনার হজমক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি। তাই সকালে ঘুম থেকে উঠে ফোন ধরা পরিহার করার পাশাপাশি সারাদিনেও যতটা সম্ভব এর ব্যবহার কমানো উচিত।
ঘুম থেকে ওঠার পর ফোন হাতে নেওয়ার এই অভ্যাস আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও, এর দীর্ঘমেয়াদী প্রভাব আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দিনের শুরুটা ফোন বাদ দিয়ে অন্য কোনো স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে করুন, যা আপনার দিনটিকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলবে।