সোশ্যাল মিডিয়া এখন আর শুধু বন্ধুদের সাথে আড্ডার জায়গা নয়, বরং ব্যক্তিত্বের প্রভাব প্রমাণের বড় ময়দান। আর সেই ময়দানে বিশ্বনেতাদের ধরাশায়ী করে শীর্ষস্থান দখল করে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউটিউবে ৩ কোটি (৩০ মিলিয়ন) সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করে তিনি এখন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক নেতা।
বিশ্বমঞ্চে মোদির দাপট:
প্রধানমন্ত্রী মোদির ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর তুলনায় প্রায় চারগুণ বেশি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় মোদির সাবস্ক্রাইবার সংখ্যা সাত গুণ বেশি। শুধু ইউটিউব নয়, ইনস্টাগ্রামেও ১০ কোটি ফলোয়ার নিয়ে তিনি বিশ্বের প্রথম রাজনীতিবিদ হিসেবে ইতিহাস গড়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামে ডোনাল্ড ট্রাম্পের (৪৩.২ মিলিয়ন) তুলনায় মোদির ফলোয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি।
দেশের অন্দরেও অপ্রতিদ্বন্দ্বী:
ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও ডিজিটাল জনপ্রিয়তায় প্রধানমন্ত্রী যোজন যোজন এগিয়ে। সাবস্ক্রাইবারের নিরিখে তিনি রাহুল গান্ধীর চেয়ে তিনগুণ এবং আম আদমি পার্টি বা কংগ্রেসের চেয়ে চারগুণ এগিয়ে। ইনস্টাগ্রামে তাঁর ঠিক পরেই রয়েছেন যোগী আদিত্যনাথ (১৬.১ মিলিয়ন) এবং রাহুল গান্ধী (১২.৬ মিলিয়ন)। বিশ্বজুড়ে মোদির এই ডিজিটাল আধিপত্য তাঁর প্রচার কৌশলের এক অনন্য সাফল্য হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল।





