রাতে বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করেই ভোর হয়ে যায়? দু’চোখের পাতা এক করতে পারেন না? সারাটা দিন ঘুম-ঘুম ঘোরে আর ক্লান্তি নিয়ে হাই তোলেন? অফিসে কাজের টেবিলে বসে ঢুলতে থাকেন? আবার, রাতে বাড়ি ফিরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি, ঘুম ফুড়ুত! হতে পারে আপনি অনিদ্রার শিকার।
বিভিন্ন শিফটে কাজ করার দরুনও আপনার রাতের ঘুম এভাবে নষ্ট হতে পারে। মেজাজ হয়ে যায় খিটখিটে। একটা সময় বাধ্য হয়েই ভরসা করতে হয় ঘুমের ওষুধে। কিন্তু, যদি রাতের ঘুম নিয়ে সত্যি এমন সমস্যায় ভোগেন, তবে গাদাগুচ্ছের ঘুমের ওষুধ না-কিনে সেই টাকায় বাড়িতে টাটকা কলা কিনে আনুন। তাতেই কাজ দেবে। তবে, শুধু কলা খেলে কাজ হবে না, একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে ‘ব্যানানা টি’ বা কলার চা।
কীভাবে কাজ করে এই ‘ব্যানানা টি’?
কলায়, বিশেষত কলার খোসাতেও থাকে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। ম্যাগনেসিয়াম ঘুমের ব্যাঘাত দূর করতে সাহায্য করে। এর সঙ্গে পটাশিয়াম যোগ হলে তা আপনাকে রিল্যাক্স রাখতে সহায়তা করে, যা ভালো ঘুমের জন্য অপরিহার্য।
কলা কেনার ক্ষেত্রে কিছু শর্ত
যে কোনো কলা কিনলেই হবে না। চেষ্টা করুন ১০০ শতাংশ জৈব চাষের কলা কিনতে। অজৈব কলায় প্রচুর পরিমাণে কীটনাশক থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। একটু খুঁজলে বাজারে জৈব পদ্ধতিতে চাষ করা কলা দুর্লভ নয়। কৃত্রিমভাবে অর্থাৎ কার্বাইডে পাকানো কলাও এড়িয়ে চলা উচিত। বিশেষত যারা ‘ব্যানানা টি’ বানানোর সময় কলার সঙ্গে খোসাও ব্যবহার করতে চান, তাদের অবশ্যই অর্গানিক অর্থাৎ জৈব কলাই কিনে আনা উচিত।
‘ব্যানানা টি’ বানানোর পদ্ধতি
এই চা বানানো মোটেই কষ্টকর কিছু নয়। যে কেউ-ই বানাতে পারবেন। এর জন্য যে যে উপকরণ লাগবে, তা আপনি আপনার কিচেনেই পেয়ে যাবেন। সবকিছু হাতের কাছে থাকলে ১০ মিনিটেই তৈরি হবে এই চা। রাতে শোতে যাওয়ার আগে আপনাকে চায়ের মতোই এটি পান করতে হবে।
উপকরণ:
একটি পাত্রে কিছুটা পানীয় জল
একটি অর্গানিক কলা
এক চিমটে দারুচিনি গুঁড়ো
প্রস্তুত প্রণালী:
প্রথমে কলার দু’প্রান্তের কিছুটা অংশ কেটে ফেলে দিন। এবার কলা টুকরো টুকরো করে কেটে পাত্রে রাখা জল দিয়ে ১০ মিনিট ধরে ফোটান। কিছুক্ষণ রেখে জলটা ছেকে নিন। চায়ের কাপে নিয়ে এর মধ্যে এক চিমটে দারুচিনি গুঁড়ো মিশিয়ে গরম গরম খেয়ে বিছানায় শুতে যান। সেদ্ধ করা কলার টুকরোগুলো না ফেলে সেটিও দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেয়ে নিতে পারেন। এতে আরও ভালো ফল পাবেন।
অকারণ অপচয় না-করাই ভালো। এই চা পান করার কিছুক্ষণের মধ্যেই আপনি এর ইতিবাচক ফল টের পাবেন। এবার থেকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন ‘ব্যানানা টি’-এর সাহায্যে!





