গায়ক-ব়্যাপার বাদশা এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার অন্ত নেই। একদিকে যখন বাদশা নিজের সোশ্যাল হ্যান্ডেলে এক ‘মিস্ট্রি ওম্যান’-এর সঙ্গে ছবি দিয়ে রহস্য জিইয়ে রেখেছেন, ঠিক তখনই অভিনেত্রী ইশা রিখি সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা স্বীকার করে রীতিমতো বোমা ফাটালেন। দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ইশা নিজেই জানিয়েছেন, বাদশা তাঁর স্বামী।
সম্প্রতি বাদশার ইনস্টাগ্রাম পোস্টে এক অজ্ঞাতপরিচয় তরুণীর হাত ধরে হেঁটে যাওয়ার ছবি ভাইরাল হয়। ক্যাপশনে বাদশা লিখেছিলেন, “মহাবিশ্বের এক অদ্ভুত কৌশল রয়েছে মানুষকে জীবনে নিয়ে আসার।” এরপরই নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে ওঠে— তবে কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন বাদশা? ঠিক সেই মুহূর্তেই ইশা রিখির সোশ্যাল মিডিয়া পোস্ট আলোচনার অভিমুখ ঘুরিয়ে দেয়।
ইশা রিখির ‘আস্ক মি এনিথিং’ সেশনে অনুরাগীরা প্রশ্নবাণে বিদ্ধ করেন তাঁকে। সরাসরি প্রশ্ন করা হয়, “আপনাদের তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে একে অপরকে ফলো করেন না কেন?” এর জবাবে ইশা অকপটে স্বীকার করেন, “হ্যাঁ, আমি বিবাহিত।” তিনি আরও বলেন, “কেন আমরা ছবি পোস্ট করি না বা কেন একে অপরকে ফলো করি না— এই প্রশ্নগুলোর উত্তর আমার স্বামীরই দেওয়া উচিত।” বাদশাকে ট্যাগ করে অভিনেত্রী লেখেন, “প্রিয় স্বামী, দর্শকদের কিছু প্রশ্ন আছে, দয়া করে উত্তর দিন।”
এরপরই অনুরাগীদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইশা একটি রোমান্টিক ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে বাদশার কোলে আদুরে ভঙ্গিতে দেখা যাচ্ছে। এই ছবি সামনে আসতেই নেটদুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত ২৪ মার্চ ইশার মা পুনম রিখি সোশ্যাল মিডিয়ায় বিয়ের কিছু ছবি শেয়ার করেছিলেন, যেখানে সিঁদুর পরা ইশা ও বাদশাকে বিয়ের সাজে দেখা গিয়েছিল। তবে প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও বাদশা নিজে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় অনুরাগীরা ধন্দে ছিলেন।
তবে কি প্রচারের আলো থেকে দূরে থাকতেই বাদশা এই দাম্পত্যজীবনকে আড়ালে রেখেছেন? যদিও বাদশা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, কিন্তু ইশার এই স্বীকারোক্তি ও ছবিগুলো প্রমাণ করে যে তাঁদের সম্পর্কে নতুন মোড় এসেছে।
প্রসঙ্গত, এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন ব়্যাপার। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয় এবং ২০২০ সালে তা আইনি রূপ পায়। জেসমিন ও বাদশার জেসি মাসিহ সিং নামে এক কন্যাও রয়েছে। বর্তমানে ইশার সঙ্গে তাঁর এই নতুন অধ্যায় নিয়ে ভক্তদের মধ্যে যেমন উদ্দীপনা রয়েছে, তেমনই বাদশার নীরবতা নিয়ে প্রশ্নও বাড়ছে। এখন দেখার বিষয়, স্ত্রী ইশার আহ্বানে সাড়া দিয়ে বাদশা কবে নিজের তরফ থেকে মুখ খোলেন।





