বলিউড থেকে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রি—বিনোদনের দুনিয়ায় গ্যাংস্টারদের ছায়া যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত কয়েক বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় থাকা সেলেব্রিটিদের তালিকায় এবার যুক্ত হলো জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়ার নাম। বুধবার গভীর রাতে দিল্লির পশ্চিম বিহার এলাকায় অবস্থিত ‘২৪এইচএস ফিটনেস’ জিমে আচমকা গুলিচালনার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিনোদন মহলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জিমটি গুরু রানধাওয়ার মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজির অংশ।
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করে হামলার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। ওই পোস্টে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, গায়ককে সতর্ক করতেই এই হামলা চালানো হয়েছে। তবে কি সলমন খানের সঙ্গে গুরু রানধাওয়ার ঘনিষ্ঠতাই এই বিপদের কারণ? সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভাইজানের সঙ্গে মেলামেশার খেসারত দিতে হচ্ছে গায়ককে। সেই সঙ্গে ভবিষ্যতে আরও বড় হামলার হুমকিও দেওয়া হয়েছে, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে।
খবর পাওয়া মাত্রই দিল্লি পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইকে সওয়ার দুই দুষ্কৃতী জিমে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে দ্রুত এলাকা ছাড়ে। এই ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বুলেটের খোল ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। জিমের বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। জিমে কর্মরত কর্মী ও মালিকপক্ষের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রধান শত্রু হয়ে উঠেছেন সলমন খান। মুম্বইয়ে অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিচালনা থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠদের ওপর নজর রাখা—বিষ্ণোই গ্যাংয়ের দাপট নতুন নয়। এবার সেই একই কায়দায় গুরু রানধাওয়ার ওপর হামলা বিনোদন জগতের তারকাদের নিরাপত্তাকে এক চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশি তদন্ত এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় পুরো দেশ।





