ব্রেকআপের পর বিয়ের পিঁড়িতে অর্জুন! মালাইকাকে ভুলে কি এবার নতুন জীবনসঙ্গী বেছে নিলেন বনি-পুত্র?

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ অর্জুন কাপুরকে নিয়ে বি-টাউনে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘদিনের সঙ্গী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের ইতি টানার পর থেকেই অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে সব জল্পনাকে ছাপিয়ে এবার যা ঘটল, তাতে অবাক খোদ নেটিজেনরাই! সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’র সেটে হাজির হয়ে প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন অভিনেতা।
ঘটনার সূত্রপাত শো-এর ‘জাজমেন্টাল ডে’ পর্বে। স্পেশাল গেস্ট হিসেবে হাজির হয়ে অর্জুন মুগ্ধ হন প্রতিযোগীদের পারফরম্যান্সে। বিশেষ করে প্রতিযোগী পামেলা সেরেনার ব্যক্তিত্ব এবং তাঁর ‘কলেশি কর্নার’-এর প্রশংসা করতে গিয়েই তাল কাটে। আড্ডার মেজাজে হঠাৎই অর্জুন বলে বসেন, “আমি কিন্তু এখনও যথেষ্ট তরুণ এবং বিয়ের জন্য একদম তৈরি!” অর্জুনের মুখে হঠাৎ এমন ‘ম্যারেজ প্রপোজাল’ শুনে লজ্জায় লাল হয়ে যান পামেলা। এখানেই শেষ নয়, পাশেই থাকা আকাঙ্ক্ষা চামোলার দিকে তাকিয়ে অর্জুন মজার ছলে বলেন, “আমাদের চয়েস কিন্তু একদম সেম!”
অর্জুনের এই নতুন ‘ফ্লার্টিং মুড’ দেখে প্রশ্ন উঠছে, মালাইকার সঙ্গে বহু বছরের সেই হাই-প্রোফাইল সম্পর্কের ক্ষত কি তবে অবশেষে শুকিয়ে গেল? সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে অর্জুন যে এখন মানসিকভাবে নতুন করে জীবন সাজাতে চান, তা তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট। যদিও বিষয়টিকে অনেকেই কেবল মজার ছলে নেওয়া ‘সেলিব্রিটি হিউমার’ বলে মনে করছেন, তবুও নেটপাড়ায় চর্চা তুঙ্গে।
প্রসঙ্গত, ফারহা খান ও রিতেশ দেশমুখের সঞ্চালনায় নেটফ্লিক্সের এই শো-টি এখন মারাত্মক ট্রেন্ডিং। ১৪ জন প্রতিযোগী ও ২ জন জেলরকে নিয়ে ৬ সপ্তাহের এই কঠিন লড়াইয়ে বেঁচে থাকার রসদ জোগাড় করতে যেখানে ঘাম ছুটছে সবার, সেখানে অর্জুনের এই উপস্থিতিতে নতুন প্রেমের হাওয়া বইল কি না, তা নিয়ে ধন্দ রয়েই যাচ্ছে। সর্বশেষ ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে দেখা গেলেও, পর্দার রোম্যান্স ছেড়ে অর্জুন এখন বাস্তবের বিয়ের পিঁড়িতে বসতে কতটা আগ্রহী, সেটাই এখন বলিপাড়ার সবচেয়ে বড় গসিপ।