বাঘের ডেরায় মধু সংগ্রহ! সুন্দরবনের ভয়ংকর জীবনের গল্প নিয়ে জি বাংলার নতুন চমক ‘বাঘিনী’

সুন্দরবনের গহীন জঙ্গল, যেখানে প্রতি পদে মৃত্যু ওঁত পেতে বসে আছে। একমুঠো অন্নের সন্ধানে বাঘের চোখের দিকে তাকিয়ে মধু সংগ্রহ—এ এক চরম জীবনযুদ্ধ। এই রোমহর্ষক পটভূমি নিয়েই জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল ‘বাঘিনী’। সদ্যজাত সন্তানকে বুকে নিয়ে জঙ্গলে মধু সংগ্রহের যে অদম্য সাহস, তা রূপোলি পর্দায় তুলে ধরবেন এক নতুন মুখ। আর এই নাম ঘোষণার অপেক্ষায় ছিল টলিপাড়া।

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে কাকে দেখা যাবে। টলিপাড়ার অনেক প্রতিষ্ঠিত নায়িকার নাম উঠে এলেও, শেষপর্যন্ত বাজি মারলেন এক নবাগতা। সূত্রের খবর, ‘বাঘিনী’র চরিত্রে অভিনয় করবেন সম্পিতা প্রামাণিক। পেশায় নৃত্যশিল্পী ও মডেল সম্পিতা এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন। টেন্ট সিনেমার ব্যানারে সুশান্ত দাসের এই নতুন প্রজেক্ট ঘিরে দর্শক মহলে আগ্রহ তুঙ্গে।

প্রযোজক সুশান্ত দাসের ধারাবাহিক মানেই নতুন মুখের ভিড় এবং অভাবনীয় সাফল্য। এর আগেও তাঁর হাত ধরে উঠে এসেছে অনেক নতুন প্রতিভা। ‘বাঘিনী’-র প্রোমো শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। যদিও এখনো এই ধারাবাহিকের নায়ক চূড়ান্ত হয়নি, তবে গল্পের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে এক নারীর অস্তিত্ব রক্ষার লড়াই। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় দেখা যাবে ‘বাঘিনী’-র প্রথম ঝলক। বাঘের হিংস্রতাকে জয় করে সম্পিতা প্রামাণিক কতখানি দর্শকের মন ছুঁতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষায় সিরিয়ালপ্রেমীরা।