স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’ খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। মাত্র কয়েক সপ্তাহের পথ চলায় টিআরপি তালিকায় নজরকাড়া সাফল্য দেখিয়েছে এই মেগা। চলতি সপ্তাহে সেরা পাঁচের তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়ে ‘প্রতিজ্ঞা’ প্রমাণ করেছে, তার গল্পে রয়েছে দর্শকদের আটকে রাখার রসদ। এবার সেই উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে ধারাবাহিকে আসতে চলেছে এক শ্বাসরুদ্ধকর মোড়।
সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমো ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ধারাবাহিকের খলনায়িকা ‘নকল পরী’ যেন এবার সব সীমা অতিক্রম করেছে। ছুটিকে চিরতরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে সে এক ভয়াবহ চক্রান্ত করেছে। প্রোমোতে দেখা যাচ্ছে, ছুটিকে হাত-পা বেঁধে একটি হিমঘরে আটকে দেওয়া হয়েছে। কনকনে ঠান্ডায় জমে যাওয়া ছুটির শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। সে বাঁচার জন্য আকুতি জানালেও, তার আর্তনাদ শোনার মতো কেউ নেই। একদিকে ঠান্ডার লড়াই, অন্যদিকে মৃত্যুর প্রহর গোনা—ছুটির এই পরিণতি দেখে দর্শককুল রীতিমতো আতঙ্কিত।
এদিকে, এই বিপদ কি টের পাবে অভি? প্রোমো অনুযায়ী, অভি ছুটিকে বাঁচাতে সেই হিমঘরে পৌঁছালেও, পরিস্থিতি ততক্ষণে হাতের বাইরে চলে গিয়েছে। ছুটির শরীর ঠান্ডায় নিথর হয়ে আসছে। অভি যখন তাকে কম্বল জড়িয়ে উষ্ণতা দেওয়ার চেষ্টা করছে, তখনও ছুটি অচেতন। অভি দৃঢ়তার সঙ্গে বলছে, “এত সহজে ছুটির তার থেকে ছুটি হবে না।” এই দৃশ্য দেখার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন—ছুটি কি শেষ পর্যন্ত মারা যাবে, নাকি অভির ভালোবাসার স্পর্শেই সে আবার ফিরে আসবে? এই ঘটনা কি অভি এবং ছুটির সম্পর্ককে আরও নিবিড় করে তুলবে? উত্তর মিলবে আগামী পর্বের সম্প্রচারে।
উল্লেখ্য, গল্পে সম্প্রতি দেখা গিয়েছে যে, এনজিওর বার্ষিক অনুষ্ঠানে নকল পরী নেশাগ্রস্ত অবস্থায় আসল পরীর পরিচয় ফাঁস করার চেষ্টা করেছিল। যদিও সেই সময় সবাই তাকে গুরুত্ব দেয়নি, কিন্তু এরপরই সে যে এমন ভয়ানক পদক্ষেপ নেবে, তা ছিল ধারণাতীত।
অভিকা মালাকার এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন। এর আগে ‘তোমাদের রাণী’ ধারাবাহিকে অভিকার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর হিন্দি ধারাবাহিক এবং বড়পর্দায় রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করার পর, ‘প্রতিজ্ঞা’য় তাঁর অভিনয় দক্ষতা ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর বিপরীতে রণজয় বিষ্ণুর উপস্থিতি অনবদ্য। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের পর রণজয়ের এই প্রত্যাবর্তন দর্শক মনে নতুন করে জায়গা করে নিয়েছে। প্রতিদিন রাত সাড়ে ৯টায় স্টার জলসার পর্দায় এই টানটান উত্তেজনাময় এপিসোড দেখতে ভুলবেন না।





