“টাকার জন্য চুমু খাব না!” সাহসী মন্তব্যে তোলপাড় ফেললেন সাই পল্লবী

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী সাই পল্লবী। অভিনয় দক্ষতা দিয়ে কোটি কোটি দর্শকের মন জয় করা এই অভিনেত্রী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য ও চুম্বনের দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
সাক্ষাৎকারে সাই পল্লবী অকপটে জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে এসেছেন। পরিচালক ও প্রযোজকরা তাঁকে বারবার অনুরোধ করলেও তিনি তাঁর ব্যক্তিগত নীতি ও মূল্যবোধ থেকে এক চুলও নড়েননি। অভিনেত্রী বলেন, “আমার যদি কোনো প্রেমিক থাকে, তবে আমি শুধু অভিনয়ের প্রয়োজনে বা পারিশ্রমিক পাওয়ার লোভে অন্য কাউকে চুমু খেতে পারব না। এটা আমার ব্যক্তিগত নীতি।”
সাই পল্লবীর মতে, অর্থ বা খ্যাতি কোনোটিই তাঁর নিজস্ব মূল্যবোধের চেয়ে বড় নয়। তিনি বিশ্বাস করেন, একজন সুখী পরিবার এবং মানসিক শান্তি অর্থ উপার্জনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর স্পষ্ট কথা, “আমি এমন কোনো চরিত্রে বা দৃশ্যে অভিনয় করতে রাজি নই, যা আমার মন সায় দেয় না। যদি কোনো পরিচালক মনে করেন যে গল্পের খাতিরে চুম্বনের দৃশ্য অপরিহার্য, তবে তিনি অন্য কোনো অভিনেত্রীকে বেছে নিতেই পারেন। সে জন্য সুযোগ হারালেও আমার কোনো আক্ষেপ নেই।”
অভিনেত্রীর এই সাহসী ও নীতিগত অবস্থান নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাই পল্লবীর অনুগামীরা তাঁর এই অটল মানসিকতার ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই মনে করছেন, গ্ল্যামার দুনিয়ার ইঁদুর দৌড়ে না গা ভাসিয়ে নিজের ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়া সত্যিই প্রশংসনীয়। তবে বিতর্কের সূত্রপাত হয়েছে তাঁর একটি মন্তব্যকে ঘিরে। যেহেতু তিনি বলেছেন, “প্রেমিক থাকলে চুমু খাব না”, তাই নেটিজেনদের একাংশের প্রশ্ন, “তাহলে প্রেমিক না থাকলে কি তিনি চুম্বনে স্বচ্ছন্দ?” এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা ও বিতর্ক।
অনেকের মতে, শিল্পের খাতিরে একজন শিল্পী কতদূর পর্যন্ত যেতে পারেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার কেউ কেউ মনে করেন, পেশাগত দায়িত্ব পালন করার সময় ব্যক্তিগত জীবনের টানাপোড়েন বা নীতিবোধকে টেনে আনা কতটা যুক্তিযুক্ত। সাই পল্লবীর এই বক্তব্য অভিনয়ের ক্ষেত্রে শিল্পীর স্বাধীনতা এবং পেশাদারিত্বের মধ্যে এক সূক্ষ্ম সীমারেখা টেনে দিয়েছে। তবে দিনশেষে এটা পরিষ্কার যে, সাই পল্লবী প্রচলিত স্রোতে গা ভাসাতে নারাজ। তিনি নিজের স্বাচ্ছন্দ্য ও নৈতিকতার সঙ্গে আপস করে জনপ্রিয়তা অর্জনে আগ্রহী নন। তাঁর এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বারবার প্রমাণ করে যে, ইন্ডাস্ট্রির গ্ল্যামারের চেয়ে তিনি তাঁর নিজের সততাকে অনেক উঁচুতে স্থান দেন।