ছেলেরা কাঁদে না! সমাজের এই পুরনো ট্যাবু ভেঙে কোন বিস্ফোরক মন্তব্য করলেন করিনা কাপুর?

করিনা কাপুর কি শুধু রূপোলি পর্দার গ্ল্যামারাস নায়িকা? নাকি ঘরে তিনি আর পাঁচজন মায়ের মতোই সন্তানদের মানুষ করতে গিয়ে নানা চিন্তায় পড়েন? সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের মনের সব কথা উজাড় করে দিয়ে নবাব-পত্নী সাফ জানিয়ে দিলেন, দুই ছেলে তৈমুর আর জেহকে মানুষ করার সময় তিনি কখনও চান না তারা মনের কষ্ট চেপে রাখুক। ছেলে হলেও মন খারাপ হলে বুক ফাটিয়ে কাঁদার পুরো স্বাধীনতা রয়েছে তাদের।
বলিউড অভিনেত্রী করিনা কাপুর ও সইফ আলি খানের দুই পুত্র সন্তান। বড় ছেলে তৈমুর আলি খান জন্মের পর থেকেই পাপারাৎজি ও সাধারণ মানুষের চোখের মণি। এমনকি বাজারে তার নামের পুতুল পর্যন্ত বিক্রি হয়েছিল। ছোট ছেলে জেহও সোশ্যাল মিডিয়ায় সমানভাবে জনপ্রিয়। তবে এমন তারকা মা হয়েও সন্তানদের বড় করার ক্ষেত্রে করিনা ভীষণ বাস্তববাদী ও সংবেদনশীল।
মেঘনা গুলজারের পরিচালনায় আসছে করিনার নতুন ছবি ‘দায়রা’। সেই ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসেই মাতৃত্ব নিয়ে মনখোলা আড্ডায় মাতেন অভিনেত্রী। করিনা স্পষ্ট ভাষায় বলেন, “আমি দুটো ছেলের মা। মাঝে মাঝে ভীষণ ভয় করে। মা হিসেবে সবসময় সন্তানদের সেরাটা দিতে চাই, ওদের রক্ষা করতে চাই। কিন্তু একই সঙ্গে চাই ওরা যেন দয়ালু মানুষ হয়ে ওঠে।”
আমাদের সমাজে বহু বছর ধরে একটি ভুল ধারণা চলে আসছে যে মেয়েরাই শুধু আবেগপ্রবণ হয়, আর ছেলেদের শক্ত হতে হয়, তাঁদের কাঁদতে নেই। এই পিতৃতান্ত্রিক ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বেবো। তাঁর কথায়, “এখনকার দিনে ছেলে বা পুরুষদের আবেগ প্রকাশ করতে কোনও লজ্জা নেই। মা বা পরিবারের কোনও সদস্যের সামনে ছেলেদের কাঁদতে ভয় পাওয়া উচিত নয়। আমি নিজেই আমার ছেলেদের বলি, মন খারাপ হলে বা কাঁদতে ইচ্ছে করলে কাঁদতেই পারো। সেই অনুভূতিটা ভেতর থেকে উপলব্ধি করা খুব দরকার।”
আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে করিনার নতুন ছবি ‘দায়রা’। যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে। দুই পুলিশ অফিসারের চোখ দিয়ে একটি জটিল তদন্তের রোমাঞ্চকর গল্প বলবে এই ছবি। তবে ছবি মুক্তির উত্তেজনার মাঝেও মা হিসেবে করিনার এই সংবেদনশীল বার্তা নেটপাড়ায় ইতিমধ্যেই অনেকের মন ছুঁয়ে গিয়েছে।