১৭ বছর পর পর্দায় ফিরছে ‘থ্রি ইডিয়টস’! চিত্রনাট্য ও কাস্ট নিয়ে বোমা ফাটালেন খোদ পরিচালক

বলিউড ইতিহাসের অন্যতম সেরা কাল্ট ছবি ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটতে চলেছে। ২০০৯ সালে মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলা এই ছবির দ্বিতীয় পর্ব আসার খবর প্রায় নিশ্চিত করে দিলেন পরিচালক রাজকুমার হিরানি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ছবিটির চিত্রনাট্য লেখার কাজ জোরকদমে শুরু হয়ে গেছে।

পরিচালক জানান, অন্য একটি গল্প লেখার সময় হঠাৎই তাঁর মনে হয় যে সেই প্লটটি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের জন্য একেবারে উপযুক্ত। তবে ছবিটির রিলিজ কবে হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না তিনি। চিত্রনাট্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পাকাপাকিভাবে কিছু ঘোষণা করতে নারাজ পরিচালক।

কী থাকছে সিক্যুয়েলের গল্পে?

পরিচালক ইঙ্গিত দিয়েছেন যে, এবারের গল্পে আর কলেজ বা ছাত্রজীবনের দিনগুলি থাকছে না। বরং ২০ বছর পর র‍্যাঞ্চো, ফারহান এবং রাজুর জীবন কোন মোড় নিয়েছে এবং সময়ের সঙ্গে তারা কোথায় এসে দাঁড়িয়েছে, সেটাই ফুটিয়ে তোলা হবে এই নতুন ছবিতে।

থাকছেন কি আমির, মাধবন ও শরমন?

দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, প্রথম ছবির সেই প্রিয় চরিত্রগুলিকে কি আবার দেখা যাবে? এই বিষয়ে চিত্রপরিচালক স্পষ্ট করে দিয়েছেন যে, ছবির মূল চরিত্র বা কাস্টে কোনো বদল আসছে না। অর্থাৎ চিত্রনাট্য চূড়ান্ত হলে পুরনো সেই আইকনিক তারকারাই পর্দায় ফিরবেন। এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘লগে রাহো মুন্নাভাই’-এর মতো সফল সিক্যুয়েল উপহার দেওয়া হিরানি আশাবাদী যে, দর্শকদের নিরাশ করবে না র্যাঞ্চোদের নতুন এই অধ্যায়।