মিষ্টি তাল চিনবেন কী করে? বাজার থেকে কেনার সময় এই ৩টি জিনিস খেয়াল রাখুন

মৌসুমের এই সময়ে বাজারে পা রাখলেই চোখে পড়ে পাকা তালের সমাহার। এই ফল দিয়ে তালের পিঠা, তালের বড়া কিংবা তালক্ষীরের মতো সুস্বাদু পদ তৈরি করতে অনেকেই বাজার থেকে তাল কিনে বাড়ি নিয়ে আসেন। কিন্তু বিপত্তি বাঁধে তখনই, যখন শখ করে কেনা তাল ছাড়ানোর পর দেখা যায় তার রস তেতো বা স্বাদের দিক থেকে একেবারেই ভালো নয়। ফলে পুরো রান্নার স্বাদই মাটি হওয়ার উপক্রম হয়। বাইরে থেকে দেখতে প্রায় একই রকম হলেও সব তাল কিন্তু সমান মিষ্টি হয় না। একটু সচেতন হয়ে কয়েকটি সহজ উপায় মেনে চললে পাকা ও মিষ্টি তাল বেছে নেওয়া একদম জলভাত।
১. শুধু রং দেখে তাল কিনবেন না:
তাল কেনার সময় অনেকেই শুধু খোসার রং দেখে তা পছন্দ করেন। কিন্তু লালচে বা হলুদ আভা দেখলেই সেটি মিষ্টি হবে—এমন ধারণা ভুল। ভালোভাবে পাকা তালের খোসা সাধারণত গাঢ় কালচে রঙের হয়। খোসায় লালচে ভাব থাকলে বুঝতে হবে সেটি কাঁচা অবস্থাতেই গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে। তাই সবসময় গাঢ় কালো রঙের তাল বেছে নেওয়া উচিত।
২. আকারের চেয়ে ওজন গুরুত্বপূর্ণ:
বড় সাইজের তাল দেখলেই সেটি ভালো হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বরং হাতে তুলে তালের ওজন অনুভব করা অনেক বেশি কার্যকর। একই আকারের কয়েকটি তালের মধ্যে যেটি তুলনামূলক ভারী মনে হবে, সেটির ভেতরে রস ও শাঁস বেশি থাকার সম্ভাবনা থাকে। পাশাপাশি গোলগাল ও ভরাট আকৃতির তালও ভালো ফলের ইঙ্গিত দেয়।
৩. বোঁটা ও গন্ধ যাচাই করুন:
পাকা ফলের নিজস্ব একটি মিষ্টি সুবাস থাকে। তাই কেনার আগে তালের বোঁটার দিকটি ভালো করে পরীক্ষা করুন। বোঁটা শক্তভাবে লেগে আছে কি না এবং সেখানে কোনো অস্বাভাবিক বা টক গন্ধ আছে কি না, তা দেখে নেওয়া দরকার। পচা বা তীব্র গন্ধযুক্ত তাল এড়িয়ে চলাই শ্রেয়।
তালের রস তেতো হলে কী করবেন?
সব সতর্কতা সত্ত্বেও তাল কাটার পর যদি রস তেতো বলে মনে হয়, তবে হতাশ হয়ে তা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। রসে সামান্য লবণ বা জল মিশিয়ে একটি পাতলা সুতির কাপড়ে ১ থেকে ২ ঘণ্টা ঝুলিয়ে রাখলেই সমস্ত তেতো জল ঝরে যাবে। এরপর সেই রস সহজেই খাওয়ার উপযোগী ও মিষ্টি হয়ে ওঠে। তবে তালের মধ্যে যদি অতিরিক্ত তীব্র তিতকুটে ভাব বা পচা গন্ধ থাকে, তবে সেটি রান্নায় ব্যবহার না করাই নিরাপদ।