বাজার থেকে ভেজাল কিনবেন না, বাড়িতেই বানিয়ে নিন আসল হলুদ গুঁড়ো

ভারতীয় রান্নায় হলুদ এক অবিচ্ছেদ্য অঙ্গ। খাবারের স্বাদ ও সুন্দর রঙের পাশাপাশি এর নানাবিধ ঔষধি গুণও রয়েছে। তবে মুশকিল হলো, বাজারচলতি হলুদ গুঁড়ো আদৌ খাঁটি কি না, তা নিয়ে সবসময়ই একটা ধন্দ থাকে। বিশেষজ্ঞদের মতে, খাবারে অতিরিক্ত আকর্ষণীয় রঙ বা ওজন বাড়াতে প্রায়শই হলুদের সঙ্গে লেড ক্রোমেট, মেটানিল ইয়েলোর মতো বিপজ্জনক রাসায়নিক, এমনকী হলুদ মাটি, খড়িমাটির গুঁড়ো এবং স্টার্চ মেশানো হয়। নিয়মিত এই সমস্ত ভেজালযুক্ত হলুদ খাওয়ার ফলে শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাজার থেকে কেনা হলুদ বাদ দিয়ে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন খাঁটি হলুদ গুঁড়ো।

ঘরেই খাঁটি হলুদ গুঁড়ো তৈরির সহজ পদ্ধতি:

  • পরিষ্কার করা: সবার প্রথমে বাজার থেকে আনা গোটা হলুদ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে ব্রাশ বা হাত দিয়ে ভালো করে ঘষে সমস্ত ময়লা ও কাদা তুলে ফেলুন।

  • কেটে শুকিয়ে নেওয়া: গোটা হলুদ মিক্সিতে সরাসরি গুঁড়ো করা বেশ কঠিন। তাই ধোয়ার পর হলুদগুলো ছোট করে কেটে নিন। একদম মিহি না করে আলুর চিপসের মতো পাতলা টুকরো করলে তা দ্রুত শুকিয়ে যাবে।

  • রোদে শুকানো: এবার বাড়ির ছাদ বা বারান্দায় একটি পরিষ্কার সুতির কাপড়ের ওপর হলুদের টুকরোগুলি ছড়িয়ে দিন। টানা ৩ থেকে ৫ দিন কড়া রোদে শুকাতে হবে, যতক্ষণ না টুকরোগুলি একেবারে মুচমুচে ও শক্ত হয়ে যায়। যাঁদের বাড়িতে এয়ার ফ্রায়ার রয়েছে, তাঁরা চাইলে মাত্র ৩ ঘণ্টা এয়ার ফ্রায়ারে রেখেও হলুদ মুচমুচে করে নিতে পারেন।

  • গুঁড়ো করার নিয়ম: হলুদ পুরোপুরি শুকিয়ে গেলে তা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন। একবারে অনেকটা না দিয়ে অল্প অল্প করে কয়েকটি ধাপে গুঁড়ো করলে ভালো ফল পাবেন।

সংরক্ষণের সঠিক উপায়:

হলুদ গুঁড়ো করার পর চাইলে চালনি দিয়ে চেলে নিতে পারেন অথবা সরাসরি কৌটোয় ভরতে পারেন। এটি সবসময় একটি পরিষ্কার এয়ার টাইট কন্টেনার বা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। এই সহজ নিয়ম মেনে চললে কোনো রকম রাসায়নিক বা ভেজাল ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত একদম খাঁটি হলুদ ব্যবহার করতে পারবেন।