‘রাজসাক্ষী হন, পদত্যাগ করুন!’ জ্ঞানেশ কুমারকে সরাসরি চরম বার্তা দিলেন রাহুল গান্ধী

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আক্রমণ আরও শাণিত করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসিআই (ECI)-এর শীর্ষ আধিকারিককে ‘রাজসাক্ষী’ হওয়ার বিস্ফোরক পরামর্শ দিয়ে রাহুল দাবি করেন, সরকারের অন্দরের বহু আধিকারিক বর্তমানে বিরোধীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
জ্ঞানেশ কুমারকে রাহুলের বার্তা: সোমবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কড়া ভাষায় তোপ দাগেন রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনারকে বার্তা দিয়ে তিনি বলেন, “হ্যাঁ, আমি বার্তা পেয়েছি। ওঁকে আমার জবাব হল, রাজসাক্ষী হন। পদত্যাগ করুন। সরে দাঁড়ান। এতে দেশের সেবা হবে। আমরা বুঝতে পারছি, আপনার উপর ঠিক কী ধরনের চাপ রয়েছে।” সেই সঙ্গে হুংকার দিয়ে তিনি যোগ করেন, “জ্ঞানেশ কুমার, আমরা জানি আপনার রাতের ঘুম উড়েছে। আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবই।”
সরকারি ২০০ আধিকারিক যোগাযোগ রাখছেন! সুপ্রিম কোর্ট অভিমুখে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের অভিযানের প্রাক্কালে এক চাঞ্চল্যকর দাবি করে রাহুল বলেন, কেন্দ্রের বিভিন্ন দফতরের ২০০-র বেশি সরকারি আধিকারিক এবং প্রায় ৫০ শতাংশ পুলিশকর্মী তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাঁরাই বিরোধীদের নানা গোপন তথ্য ও নথি সরবরাহ করছেন বলে দাবি করেন কংগ্রেস নেতা।
দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা নিয়ে ক্ষোভ: সোমবার বিরোধী জোটের সুপ্রিম কোর্ট অভিযানকে কেন্দ্র করে মধ্য দিল্লিতে ব্যাপক নিরাপত্তার কড়াকড়ি করা হয়। রাস্তায় সারি সারি বাস, দাঙ্গা মোকাবিলার গাড়ি, জলকামান এবং ৩০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। এই প্রসঙ্গে মোদী সরকারকে নিশানা করে রাহুল প্রশ্ন তোলেন, “আজ গোটা দিল্লিকে জেলখানা করে রাখা হয়েছে কেন? দিল্লি যেন একটি দুর্গে পরিণত হয়েছে, রাস্তায় ৩০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করার অর্থ কী?”
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সরকারের ভূমিকা নিয়ে বিরোধীদের এই হুঙ্কার আগামী দিনে জাতীয় রাজনীতিতে যে আরও বড় সংঘাতের সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য।