থানায় গেলেন না অভিষেক, ৪৮ ঘণ্টার সময় চেয়ে ইমেল! মমতার ভাতিজার বাড়িতে ফের পুলিশি অভিযান নিয়ে তুঙ্গে জল্পনা

ক্যামাক স্ট্রিটে বেআইনি বিলবোর্ড ভাঙচুর ও উত্তেজনার ঘটনায় নির্ধারিত দিনে থানায় হাজিরা না দেওয়ায় ফের একবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। সোমবার সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে হাজিরা না দিয়ে ইমেল মারফত আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেন ডায়মন্ড হারবারের এই সাংসদ। এর পরেই কড়া পদক্ষেপ করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ এবং সোজা গিয়ে হাজির হয় তাঁর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে।
সূত্রের খবর, এদিন সকালের দিকে অভিষেকের বাড়ির বাইরে প্রায় ৫০ মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় পুলিশকর্মীদের। পরবর্তীতে বাড়ির গেট খোলা হলে পুলিশ ভেতরে প্রবেশ করে। ভেতর থেকে জানানো হয় যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে কাজে ব্যস্ত রয়েছেন এবং নোটিশ গ্রহণ করতে প্রায় এক ঘণ্টা সময় লাগবে। পুলিশ আধিকারিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের কথা জানালে তাঁদের ভেতরে প্রবেশাধিকার দেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নতুন নোটিস তুলে দেওয়া হয়। আগামী বুধবার, ১৪ অক্টোবর সকাল ১০টায় তাঁকে ফের তলব করা হয়েছে বলে ওই নোটিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে চরম হাঙ্গামা ও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি পৃথক মামলা রুজু করা হয়। পুলিশ এর আগে এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করলেও তদন্তের স্বার্থে এবার খোদ তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে। সোমবার সকালে সমন এড়ানোর পর পুলিশ সরাসরি তাঁর বাড়ি পৌঁছে যাওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী বুধবার নির্ধারিত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।