রাশিয়ার ল্যাবে মারাত্মক নিউমোনিক প্লেগ আতঙ্ক! টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যুর পর পাঁচ হাসপাতালে কড়া কোয়ারেন্টিন

রাশিয়ার সাইবেরিয়ার দুর্গম ইরকুটস্ক অঞ্চলে এক তরুণী ল্যাব টেকনিশিয়ানের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে মারাত্মক নিউমোনিক প্লেগের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন অন্তত পাঁচটি হাসপাতালে কোয়ারেন্টিন জারি করেছে এবং প্রায় দুই শতাধিক মানুষকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে ওই অঞ্চলের একাধিক গণজমায়েত ও পূর্বনির্ধারিত অনুষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শেলেহভ শহরের ‘অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউট’-এ। মৃত ২৮ বছর বয়সী ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা গবেষণাগারে কাজ করার সময় অসাবধানতাবশত জীবন্ত ব্যাক্টেরিয়াযুক্ত একটি টেস্টটিউব ভেঙে ফেলেছিলেন। সেখান থেকেই তিনি নিউমোনিক প্লেগে আক্রান্ত হন বলে জানান। গত ২৯ সেপ্টেম্বর তীব্র নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর ১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। তাঁর সংস্পর্শে আসা প্রায় দু’শতাধিক ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর কড়া বিধিনিষেধ আরোপ করেছে। যদিও ইরকুটস্কের গভর্নর ইগর কোবজেভ প্রাথমিক আশঙ্কার পর জানান যে, নমুনায় গবেষণাগারের কোনো ক্ষতিকর জীবাণু মেলেনি এবং সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নিউমোনিক প্লেগ অত্যন্ত প্রাণঘাতী ও ছোঁয়াচে, যা দ্রুত বাতাসে ছড়িয়ে পড়তে পারে। তবে রুশ প্রশাসন কোনো ঝুঁকি না নিয়ে সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।