SRFTI-এ দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেলেন শিক্ষকরাও, গেট আটকে বিক্ষোভ পড়ুয়াদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার শহরের আরও এক নামী শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ বড়সড় সংঘর্ষের ঘটনা ঘটল। রবিবার ইনস্টিটিউট চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে, যার জেরে পুরো চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, একটি সংগঠনের অনুষ্ঠানে আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হচ্ছিল, যার প্রতিবাদ করায় ছাত্রদের ওপর হামলা চালানো হয়। এমনকি পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন অধ্যাপকও আক্রান্ত হয়েছেন।
ঠিক কী ঘটেছিল SRFTI চত্বরে?
প্রাথমিক তথ্য অনুযায়ী, রবিবার এসআরএফটিআইয়ের প্রধান প্রেক্ষাগৃহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শাখা সংগঠন ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’-এর পশ্চিমবঙ্গ শাখার একটি সভা চলছিল। সেই কর্মসূচির খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসের একাংশের পড়ুয়ারা এর প্রতিবাদে প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
অভিযোগ, প্রতিবাদ শুরু হওয়ার পরেই সংগঠনের কিছু সদস্য ও আমন্ত্রিত ব্যক্তিরা পড়ুয়াদের ওপর চড়াও হন। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের বাঁচাতে এগিয়ে আসেন ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষক, কিন্তু তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে খবর মিলেছে।
পুলিশের সামনেই সংঘর্ষ ও উত্তাল ক্যাম্পাস
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। কিন্তু অভিযোগ উঠেছে, পুলিশের উপস্থিতিতেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে ক্যাম্পাসের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘাতের জেরে ক্ষিপ্ত পড়ুয়ারা অনুষ্ঠান আয়োজক সংস্থার বাস আটকে ইনস্টিটিউটের মূল গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ক্যাম্পাসের গেটের বাইরে এখনও বহিরাগতদের ভিড় জমে রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে এবং বহিরাগতদের না সরানোর কারণে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পড়ুয়ারা।
পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের
ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, সংঘর্ষের ঘটনায় মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বদলে পুলিশ উল্টো দিক থেকে অভিযোগকারী পড়ুয়াদের নাম ও ঠিকানা লিখে রাখছে। পরবর্তী সময়ে এই তথ্য ব্যবহার করে তাঁদের হেনস্থা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করার দাবিতে পুলিশের গাড়ি ঘিরেও তীব্র বিক্ষোভ দেখান তাঁরা। যাদবপুরের পর এসআরএফটিআই-এর এই ঘটনায় শিক্ষা মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।