পুজোর আগেই পকেটে টান! ১ অক্টোবর থেকে হু হু করে বাড়ছে AC, TV ও ফ্রিজের দাম!

দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে উৎসবের আনন্দ মাটি হতে পারে সাধারণ মানুষের। নতুন এয়ার কন্ডিশনার (AC), টেলিভিশন (TV), ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা থাকলে এবার পকেট থেকে আরও বেশি টাকা খরচ করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে দেশের একাধিক শীর্ষস্থানীয় গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা তাদের পণ্যের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং পরিবহণ খরচ বেড়ে যাওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে দাম বৃদ্ধির হার ৮ শতাংশ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরে কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পের এটি তৃতীয় দফার দাম বৃদ্ধি।
কোন পণ্যের দাম কত বাড়ছে?
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এয়ার কন্ডিশনার বা AC-র বাজারে। আগামী ১ অক্টোবর থেকে বিভিন্ন ব্র্যান্ডের AC-র দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর বা ফ্রিজ এবং LED TV-র দাম ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সমস্ত সংস্থা একই দিনে বা একই হারে দাম বাড়াবে না। ইতিমধ্যেই কিছু কোম্পানি দাম বাড়িয়ে দিয়েছে, আবার কয়েকটি সংস্থা বাজার পরিস্থিতির ওপর নজর রাখছে।
পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ব্লু স্টার (Blue Star), গোদরেজ অ্যাপ্লায়েন্সেস (Godrej Appliances), হায়ার (Haier), ডাইকিন (Daikin) এবং এসপিপিএল (SPPL)-এর মতো জনপ্রিয় সংস্থাগুলি ইতিমধ্যেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা তা নিশ্চিত করেছে। এলজি (LG) এবং বশ হোম কমফোর্ট (Bosch Home Comfort)-এর এসি-র দাম প্রায় ৫ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, ডাইকিন গত ১৬ সেপ্টেম্বর থেকেই এসি-র দাম ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে। এসপিপিএল-এর পক্ষ থেকে অক্টোবরের পর টিভি-র দাম প্রায় ৭ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কেন হঠাৎ এই দাম বৃদ্ধি?
ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়ার পেছনে প্রধানত দায়ী কাঁচামালের আকাশছোঁয়া দাম। এসি তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হলো তামা (Copper)। হায়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত বছর যেখানে প্রতি মেট্রিক টন তামার দাম ছিল ৮,০০০ থেকে ৯,০০০ ডলার, বর্তমান বাজারে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪,৫০০ ডলারে। ডাইকিনও জানিয়েছে, তামার দাম প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম, অপরিশোধিত তেল ও মুদ্রার বাজারে ওঠানামার কারণে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গিয়েছে।
পুজোর কেনাকাটায় কি কিছুটা ছাড় মিলবে?
১ অক্টোবর তারিখটি থেকেই দোকানের সমস্ত পণ্যের দাম রাতারাতি বেড়ে যাবে, এমনটা নয়। অগাস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সংস্থার ‘প্রি-বাইং’ স্কিমের মাধ্যমে ডিলার ও চ্যানেল পার্টনাররা পুরনো দামেই পণ্য তুলে রেখেছেন। ফলে দুর্গাপুজো এবং দীপাবলির বাজারে পুজোর কেনাকাটার সময় কিছু পুরনো দামের পণ্য পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উৎসবের মরসুম সম্পূর্ণ কাটলে এবং পুরনো স্টক শেষ হলেই নতুন বর্ধিত দামে এই সমস্ত অ্যাপ্লায়েন্স কিনতে হবে ক্রেতাদের। তাই পুজোর আগে কেনাকাটা সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে।