৩ বছর ধরে এসআইপি-তে ভালো রিটার্ন মিলছে না? টাকা কি তুলে নেবেন, নাকি বড় ভুল করছেন?

আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং দীর্ঘমেয়াদে সঞ্চয় বাড়াতে মিউচুয়াল ফান্ডে এসআইপি (SIP)-এর জনপ্রিয়তা আজকের দিনে হু হু করে বাড়ছে। কিন্তু গত দুই বা তিন বছর ধরে যদি আপনার সাধের এসআইপি আশানুরূপ রিটার্ন না দেয়, তবে কি তা মাঝপথেই বন্ধ করে দেওয়া উচিত? নাকি এই পরিস্থিতিতে পা বাড়াতে হবে অন্য কোনো বিকল্প পথে? বিনিয়োগকারীদের মনে এমন প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তবে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, যখনই আপনার কোনো একটি নির্দিষ্ট এসআইপি দুর্বল পারফরম্যান্সের মুখে পড়ে, তখন কেবল ওই নির্দিষ্ট ফান্ডের রিটার্ন দেখলেই চলবে না। একই সঙ্গে খেয়াল রাখতে হবে আরও কিছু বিষয়ের প্রতি:

  • বেঞ্চমার্ক ও ক্যাটেগরির তুলনা: আপনার ফান্ডটি একা খারাপ পারফর্ম করছে, নাকি সেই নির্দিষ্ট ক্যাটেগরির বাকি ফান্ড এবং সামগ্রিক বেঞ্চমার্কেরও একই হাল, তা ভালো করে খতিয়ে দেখতে হবে।

  • বাজারের সার্বিক পরিস্থিতি: পুরো বাজার বা নির্দিষ্ট কোনো ক্যাটেগরিই যদি দীর্ঘ সময় ধরে দুর্বল বা শ্লথ থাকে, তবে শুধু একটি ফান্ডের খারাপ রিটার্নকে আলাদা কোনো সমস্যা বা ব্যর্থতা হিসেবে দেখা ঠিক হবে না। পুরো পরিস্থিতি মূল্যায়ন করেই তবে পরবর্তী পদক্ষেপ করা বুদ্ধিমানের কাজ হবে।