জার্মানি-জাপান নয়, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া! আন্তর্জাতিক রাজনীতিতে বিরাট মোড়!

ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বের সম্পর্ক ফের একবার প্রমাণিত হলো আন্তর্জাতিক মঞ্চে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারত যাতে স্থায়ী সদস্যপদ লাভ করে, তার পক্ষে জোরালো সওয়াল করেছে মস্কো। শুধু তাই নয়, রাষ্ট্রসঙ্ঘের সংস্কার প্রক্রিয়ায় পশ্চিমি দেশগুলিকে বা বিশেষ করে জার্মানি ও জাপানকে বাড়তি কোনো সুবিধা না দিয়ে ভারতকে স্থায়ী সদস্য করার পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, “আমাদের নীতিগত অবস্থান অত্যন্ত স্পষ্ট: রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়ায় পশ্চিমি দেশগুলির জন্য— বিশেষ করে জার্মানি ও জাপানের জন্য—কোনো অতিরিক্ত আসন বরাদ্দ করা উচিত নয়। কারণ এই দেশগুলি বর্তমানে সামরিক ও প্রতিশোধপরায়ণতার পথে এগিয়ে চলেছে।”
উল্লেখ্য, ২০২২ সালের ইউক্রেন সংঘাতের পর থেকে ইউরোপীয় দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন চলছে। তাসত্ত্বেও ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের জায়গায় বিন্দুমাত্র আঁচ পড়তে দেয়নি মস্কো। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়ে লাভরভ স্পষ্ট জানিয়ে দেন যে, স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল এবং ভারতের প্রার্থীপদকে তারা সর্বতোভাবে সমর্থন করেন। একই সঙ্গে আফ্রিকান মহাদেশের স্বার্থের দিকটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলেন তিনি।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ব্রিকস (BRICS), এসসিও (SCO) এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো আন্তর্জাতিক মঞ্চগুলির সঙ্গে যৌথভাবে কাজ করে বিশ্ব পরিস্থিতির উন্নয়নে রাশিয়া প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক তথ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কোনো সঙ্কীর্ণ ফোরামের বদলে রাষ্ট্রসঙ্ঘেরই কেন্দ্রীয় ভূমিকা পালন করা উচিত বলে মত প্রকাশ করেছে মস্কো। আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার এই প্রকাশ্য সমর্থন ভারতের বৈশ্বিক কূটনৈতিক অবস্থানকে যে আরও শক্তিশালী করল, তা বলাই বাহুল্য।