“ব্যান করার হলে সরাসরি নিষিদ্ধ করুন”-পান মশলা বিতর্কের মাঝেই ভাইরাল SRK-র পুরনো মন্তব্য

বিমল ইলাচি (Vimal Elaichi) প্রোডাক্টের বিজ্ঞাপন সংক্রান্ত বিতর্ক ঘিরে বড়সড় আইনি বিপাকে পড়লেন বলিউডের তিন শীর্ষস্থানীয় তারকা—শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ। এই বিজ্ঞাপনের মাধ্যমে আইনত নিষিদ্ধ পান মশলার পরোক্ষ বা সারোগেট প্রচার করা হচ্ছে—এই অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। আগামী ১৫ দিনের মধ্যে এই বিষয়ে তিন তারকাকে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামনে এল শাহরুখ খানের একটি পুরনো ভিডিও, যা নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
মহারাষ্ট্র এফডিএ-র কড়া নোটিশ
মহারাষ্ট্র এফডিএ-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানতে চাওয়া হয়েছে, বিমল ইলাচি কি আদতে বাজারে স্বতন্ত্রভাবে বিক্রি হওয়া কোনো পণ্য, নাকি এটি নিষিদ্ধ বিমল পান মশলা ও তামাকজাত দ্রব্যের প্রচারের জন্য তৈরি একটি ব্র্যান্ড-এক্সটেনশন বিজ্ঞাপন মাত্র!
পাশাপাশি, যে সমস্ত টিভি চ্যানেল, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিজ্ঞাপনগুলি সম্প্রচারিত হয়েছে, তার সম্পূর্ণ বিবরণ এবং সম্প্রচারের সময়সীমা চেয়েছে প্রশাসন। এমনকি, সংশ্লিষ্ট ব্র্যান্ডের মালিক এবং অভিনেতাদের মধ্যে ঠিক কী ধরনের বাণিজ্যিক বা আইনি চুক্তি রয়েছে, তাও ১৫ দিনের মধ্যে লিখিতভাবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া পুরনো ভিডিওতে কী বলেছিলেন শাহরুখ?
এই বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ খানের একটি পুরনো ইন্টারভিউ। অতীতে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, কোনো দ্রব্য যদি জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়, তবে সরকারের উচিত সরাসরি সেগুলির উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা। সফট ড্রিংক বা সিগারেটের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকার নিজে এই সমস্ত পণ্যের উৎপাদন ও বিক্রি বন্ধ না করে শুধু রাজস্ব সংগ্রহ করে, তবে কেন একজন অভিনেতার উপার্জনের পথ সীমাবদ্ধ করার কথা বলা হবে?
সেসময় তিনি বলেছিলেন, “ব্যান করার হলে করুন, আমার রোজগার কেন বন্ধ করবেন?” নিজেকে একজন পেশাদার অভিনেতা হিসেবে উল্লেখ করে শাহরুখ সাফ জানিয়েছিলেন, অভিনয় করা এবং নিজের কাজ দিয়ে অর্থ উপার্জন করাই তাঁর মূল লক্ষ্য। কোনো নির্দিষ্ট পণ্যকে যদি ভুল বলে মনে করা হয়, তবে তার গোড়াতেই গলদ দূর করে একেবারে উৎপাদন বন্ধ করে দেওয়া উচিত।