কম বয়সেই হাড় হয়ে যাচ্ছে ঝুরঝুরে? অজান্তেই এই ৫টি মারাত্মক ভুল করছেন না তো!

আমরা অনেকেই মনে করি, হাড়ের সমস্যা শুধু বার্ধক্যেই হয়। কিন্তু চিকিৎসকদের মতে, ভুল জীবনযাপন এবং কিছু দৈনন্দিন অভ্যাসের কারণে কম বয়সেও হাড় দুর্বল হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে এই ভুল অভ্যাসগুলি চলতে থাকলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড় ভঙ্গুর হয়ে পড়ার ঝুঁকি বাড়ে। শরীরের ওজন ধরে রাখা, হাঁটাচলা এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে সুরক্ষা দেওয়ার কাজ করে এই হাড়ই। তাই ছোট থেকেই হাড়ের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন।
চিকিৎসকদের মতে, অজান্তেই আমাদের প্রতিদিনের ৫টি অভ্যাস হাড়ের মারাত্মক ক্ষতি করছে। সেগুলি কী কী?
১. সারাদিন বসে থাকা
অফিসের কাজ, মোবাইল দেখা বা টিভি দেখার কারণে অনেকেই দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকেন। শারীরিক পরিশ্রম কম হলে হাড়ের উপর প্রয়োজনীয় চাপ পড়ে না, ফলে ধীরে ধীরে হাড়ের শক্তি কমতে পারে। নিয়মিত হাঁটা, সিঁড়ি ব্যবহার করা বা হালকা শরীরচর্চা হাড়কে সক্রিয় রাখতে সাহায্য করে।
২. রোদে কম থাকা
শরীরে ভিটামিন ডি তৈরি হওয়ার অন্যতম প্রাকৃতিক উৎস হল সূর্যের আলো, যা শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। যারা বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকেন বা রোদ এড়িয়ে চলেন, তাঁদের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিতে পারে এবং হাড় দুর্বল হয়ে পড়তে পারে।
৩. খাবারে প্রয়োজনীয় পুষ্টির অভাব
হাড় শক্ত রাখতে শুধু ক্যালসিয়াম নয়, ভিটামিন ডি, প্রোটিন ও অন্যান্য খনিজ উপাদানেরও প্রয়োজন। দুধ, দই, পনির, ডিম, মাছ, বাদাম, তিল এবং সবুজ শাকসবজির মতো পুষ্টিকর খাবার নিয়মিত খাদ্যতালিকায় না রাখলে হাড়ের স্বাস্থ্যের অবনতি ঘটে।
৪. অতিরিক্ত চা-কফি ও কোল্ডড্রিঙ্ক পান করা
অনেকেই দিনে একাধিক কাপ চা বা কফি পান করেন। অল্প পরিমাণে এগুলি সমস্যা তৈরি না করলেও, অতিরিক্ত ক্যাফেইন শরীরের ক্যালসিয়ামের ভারসাম্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
৫. ধূমপান ও অতিরিক্ত মদ্যপান
ধূমপান শুধু ফুসফুস নয়, হাড়ের উপরও সমানভাবে খারাপ প্রভাব ফেলে। এটি হাড় তৈরির স্বাভাবিক প্রক্রিয়াকে বাধা দেয়। একইভাবে অতিরিক্ত অ্যালকোহল শরীরে ক্যালসিয়ামের ব্যবহার ও হাড়ের গঠনকে ক্ষতিগ্রস্ত করে।
চিকিৎসকদের পরামর্শ, হাড়ের যত্ন নেওয়ার জন্য বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিন একটু হাঁটা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত রোদ পোহানো এবং ক্ষতিকর অভ্যাসগুলি এড়িয়ে চললেই বয়স বাড়ার আগেই হাড়কে দীর্ঘকাল সুস্থ ও সবল রাখা সম্ভব।