‘নেতাজিকে নিয়ে নোংরা রাজনীতি চলছে!’ ফেসবুক লাইভে এসে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে কালিমালিপ্ত করা এবং তাঁকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে গেরুয়া শিবিরকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক লাইভ করে বর্তমান শাসকদল বিজেপি ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

লাইভ সেশনে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির ‘র’ জানে না, সংস্কৃতির ‘স’ জানে না, সম্প্রীতির ‘স’ জানে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অপমান করছে…।”

তাঁর অভিযোগ, নেতাজিকে নানাভাবে সাম্প্রদায়িক আখ্যা এবং দেশদ্রোহীর তকমা দেওয়ার চেষ্টা চলছে। অথচ নেতাজি যে সম্প্রীতির প্রতীক ছিলেন, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নেতাজির আজাদ হিন্দ ফৌজের (INA) প্রধান সেনাপতিদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। তিনি জানান, সেনার প্রতিটি ক্যান্টনমেন্টে যেমন মন্দির, মসজিদ থাকে, তেমনই সব ধর্ম-বর্ণের মানুষ ‘জয় হিন্দ’ ও ‘বন্দে মাতরম’ বলে দেশের পাহারায় নিযুক্ত থাকেন। অথচ সেই আদর্শকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।

বিবেকবান মানুষকে প্রতিবাদের আহ্বান

বর্তমান শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা আরও বলেন, “আপনারা কোথা থেকে জুটলেন একটা পার্টি, যে পার্টির না আছে ভূত, না আছে ভবিষ্যৎ! শুধু অত্যাচার করতেই শিখেছেন, মহিলাদের ঘৃণা করতে শিখেছেন।”

সাধারণ মানুষের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, দেশনায়কের এমন অপমানের পরেও কি বিবেকবান মানুষ চুপ করে থাকবেন? সমস্ত বাঁধ ভেঙে একজোট হওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, “ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন? তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না?”