‘ইতিহাস তাঁকে কেবল একটা মুহূর্তের জন্য চেনে!’ রামায়ণের শূর্পণখা চরিত্র নিয়ে বড় সত্যি ফাঁস করলেন রাকুল প্রীত সিং

বলিউডের অন্যতম মেগা বাজেট এবং আলোচিত প্রজেক্ট নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ছবির প্রতিটি চরিত্রের লুক এবং কাস্টিং নিয়ে চলছে জোরদার চর্চা। এর মধ্যেই বিশেষ নজর কেড়েছে রাবণের বোন শূর্পণখা-র চরিত্রে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের (Rakul Preet Singh) উপস্থিতি ও লুক। সম্প্রতি এক অনুরাগীর পাঠানো খোলা চিঠির জবাবে এই চরিত্রটি বেছে নেওয়ার আসল কারণ ও এর গভীরতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
শূর্পণখার চরিত্রে অভিনয়ের কারণ কী?
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (টুইটার) এক অনুরাগী রাকুলকে একটি সুন্দর খোলা চিঠি পাঠিয়ে জানান, সাধারণ মানুষ ইতিহাসজুড়ে শূর্পণখাকে কেবল একটি নির্দিষ্ট ঘটনার জন্যই মনে রেখেছে, অথচ এই চরিত্রের মধ্যে যে গভীরতা ও প্রভাব রয়েছে তা পুরো মহাকাব্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল। একজন অভিনেত্রী হিসেবে এই চ্যালেঞ্জিং চরিত্রটি বেছে নেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানান ওই ব্যক্তি।
সেই চিঠির জবাবে রাকুল প্রীত সিং লেখেন, চরিত্রটির ভেতরের জটিলতাই তাঁকে এতে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল। তিনি স্বীকার করেন যে, ইতিহাস হয়তো শূর্পণখাকে কেবল একটি বিশেষ ঘটনার মাধ্যমেই চেনে, কিন্তু এই চরিত্রের পরতে পরতে অনেকগুলো স্তর লুকিয়ে রয়েছে।
কী বার্তা দিলেন রাকুল?
অনুরাগীর চিঠির উত্তরে রাকুল এক্স হ্যান্ডেলে লেখেন, “এই সুন্দর চিঠিটা লেখার জন্য অনেক ধন্যবাদ। শূর্পণখা চরিত্রটিতে হ্যাঁ বলার মূল কারণ ছিল এর জটিলতা বা কমপ্লাক্সিটি। ইতিহাস হয়তো তাঁকে কেবল একটিমাত্র মুহূর্তের জন্য মনে রাখে, কিন্তু তাঁর কাহিনীর মধ্যে আরও অনেক কিছু লুকিয়ে রয়েছে। একজন অভিনেতা হিসেবে যে সমস্ত চরিত্র প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়, সেগুলি ফুটিয়ে তুলতে সবচেয়ে বেশি রোমাঞ্চ অনুভব করি। আমি আশা করি, দর্শকরা যখন ‘রামায়ণ’ দেখবেন, তখন সম্পূর্ণ খোলা মনে এই চরিত্রটিকে নতুনভাবে আবিষ্কার করবেন।”
উল্লেখ্য, নিতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবিতে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লঙ্কারাজ রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ অভিনয় করছেন। দীপাবলিতে মুক্তি পেতে চলা এই ছবি ঘিরে অনুরাগীদের উত্তেজনা এখন তুঙ্গে।