বিদ্যুৎ চুরি ঠেকাতে নতুন অস্ত্র ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ, কীভাবে ব্যবহার করবেন?

রাজ্যে বিদ্যুতের হুকিং ও চুরি পুরোপুরি বন্ধ করতে এবার কঠোর অবস্থান নিল নতুন সরকার। গতকাল, মঙ্গলবার বিদ্যুৎ ভবনে একটি উচ্চপর্যায় বৈঠক করে এই বিষয়ে নিজের কঠোর মনোভাব স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ বিভাগের কর্মীদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হুকিংয়ের ক্ষেত্রে এবার থেকে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলা হবে। এমনকী এই বিষয়ে যদি শাসক দলের কোনো নেতা বা প্রভাবশালী ব্যক্তিও ফোন করেন, তবে তাঁদের কথাও যেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা না শোনেন, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিদ্যুৎ চুরি রুখতে এল ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ

রাজ্যে বেআইনিভাবে বিদ্যুৎ চুরি এবং হুকিংয়ের মতো প্রবণতা ঠেকাতে রাজ্য সরকারের তরফে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। বিদ্যুৎ ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ‘বিদ্যুৎ প্রহরী’ (Bidyut Prahari) নামের এই অ্যাপটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ বা যে কেউ এই অ্যাপের মাধ্যমেই এবার সরাসরি বিদ্যুৎ চুরি বা অনিয়মের অভিযোগ জানাতে পারবেন এবং প্রশাসন দ্রুত সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করবে।

কীভাবে ব্যবহার করবেন ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ?

১. ডাউনলোড ও ওপেন: গুগল প্লে স্টোরে (Play Store) ‘Bidyut Prahari’ নামে এই অ্যাপটি পেয়ে যাবেন। এটি সম্পূর্ণভাবে WBSEDCL-এর তত্ত্বাবধানে তৈরি। অ্যাপটি ডাউনলোড করে খোলার পর ‘Enter App’ অপশনে ক্লিক করলে একটি নির্দেশিকা বা নোটিফিকেশন আসবে, যা বাংলা, ইংরেজি ও হিন্দি—তিনটি ভাষাতেই উপলব্ধ। ২. অভিযোগ জানানোর পদ্ধতি: অ্যাপের পেজ স্ক্রল করে নীচের দিকে নামলে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ দায়ের করার অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে প্রধানত তিনটি ক্যাটাগরি দেখা যাবে—

  • ডিরেক্ট হুকিং (Direct Hooking)

  • মিটার ট্যাম্পারিং (Meter Tampering)

  • ট্যাপিং ফ্রম জংশন বক্স (Tapping from Junction Box) ৩. ধাপসমূহ: আপনি যদি ‘ডিরেক্ট হুকিং’-এ ক্লিক করেন, তবে অভিযোগ সাবমিট করার আগে চারটি নির্দিষ্ট ধাপ পূরণ করতে হবে। প্রথমে বিদ্যুৎ চুরির সুনির্দিষ্ট জায়গার একটি ছবি তুলতে হবে, ফোনের লোকেশন ‘অন’ করতে হবে, সঠিক ডিভিশন বা বিভাগ বেছে নিতে হবে এবং সবশেষে অভিযোগটি সাবমিট করতে হবে। (তবে বর্তমানে কলকাতা পৌর এলাকায় এই পরিষেবাটি চালুর প্রক্রিয়ায় রয়েছে)। ৪. অন্যান্য

  • সুবিধা: এই অ্যাপের মাধ্যমে মিটার ট্যাম্পারিংয়ের ছবি তুলে পাঠানোর পাশাপাশি বিদ্যুতের তার ছেঁড়া বা অন্যান্য সমস্যাও জানানো সম্ভব। এছাড়া অ্যাপটিতে একটি নির্দিষ্ট ‘স্ট্যাটাস চেক’ (Status Check) সেকশন রয়েছে, যার সাহায্যে আপনি আপনার দায়ের করা অভিযোগের বর্তমান আপডেট বা অবস্থা জানতে পারবেন।

হুকিং বা বকেয়া বিলের জেরে বিদ্যুৎ অপচয় ও আর্থিক ক্ষতি রোধ করতে রাজ্য সরকারের এই নতুন অ্যাপ এবং কড়া প্রশাসনিক পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।