“বিবেক নাড়া দেওয়ায় রাস্তায় নামতে বাধ্য হলাম।”-নিট প্রতিবাদে যন্তর মন্তরে শাবানা আজমি

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে উত্তাল রাজধানীর যন্তর মন্তর। পড়ুয়াদের এই লড়াইয়ের সমর্থনে রবিবার সশরীরে যন্তর মন্তরে হাজির হলেন প্রবীণ অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। প্রশাসনের নীরবতা ও গাফিলতির বিরুদ্ধে সরব হয়ে তিনি স্পষ্ট জানালেন, শান্তিপূর্ণ আলোচনার পথ রুদ্ধ হওয়ায় তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

দীর্ঘদিন সব বিষয়ে মুখ না খুললেও, এবার পরিস্থিতি তাঁর বিবেককে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী। শাবানা জানান, সমস্যাটি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি এবং জাভেদ আখতার। তাঁদের মূল উদ্দেশ্য ছিল সরকারের সঙ্গে একটি আলোচনার সূত্রপাত করা। শাবানা আজমির কথায়, “আমরা বিষয়টি নিয়ে প্রেস বা সাধারণ মানুষের মধ্যে শোরগোল করতে চাইনি। প্রাক্তন রাজ্যসভা সাংসদ হিসেবে সেই মর্যাদা থেকেই আমরা কথা বলতে চেয়েছিলাম। জানানো হয়েছিল ২ দিনের মধ্যে উত্তর আসবে, কিন্তু ৫ দিন কেটে গেলেও কোনো সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়েই আজ এখানে আসতে হয়েছে।”

গত ২৮ জুন থেকে নিট কেলেঙ্কারির প্রতিবাদে যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এবং ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। রবিবার অনশনরত বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে শাবানা আজমি তাঁদের লড়াইয়ের প্রতি পূর্ণ সংহতি জানান। এদিনের বিক্ষোভে শাবানার পাশাপাশি অভিনেতা প্রকাশ রাজ এবং পুনম পাণ্ডের মতো তারকাদেরও দেখা গেছে।

 নিট আন্দোলনের সমর্থনে চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছেন। শাবানা আজমি ছাড়াও সোনি রাজদান, জ়িনাত আমান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহের মতো ব্যক্তিত্বরা সমাজমাধ্যমে ছাত্রদের এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন।

বিক্ষোভকারীদের মূল দাবি অত্যন্ত স্পষ্ট—নিট পরীক্ষার এই চরম ব্যর্থতা ও প্রশাসনিক দুর্নীতির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই ইস্যুকে কেন্দ্র করে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে, যা এখন দিল্লির রাজপথে এক বড় আকার ধারণ করেছে।