নিট-কাণ্ডে উত্তাল দিল্লি! ওয়াংচুক হাসপাতালে, এবার আমরণ অনশনের ডাক অভিজিৎ দিপকের, কাল ‘চলো সংসদ’

ককরোজ জনতা পার্টির (CJP) ডাকে নিট (NEET) পেপার ফাঁস কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক অনশন মঞ্চ থেকে হাসপাতালে তুলে নিয়ে যাওয়ার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার আমরণ অনশনের ডাক দিলেন ককরোজ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
শনিবার সকালে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে সোনম ওয়াংচুককে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। এই খবর প্রকাশ্যে আসতেই সিজেপি প্রধান অভিজিৎ দিপকে অভিযোগ করেন, তাঁর অনুপস্থিতিতেই ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, পুলিশ যন্তর মন্তরে উপস্থিত নিরীহ প্রতিবাদীদের ওপর বর্বরোচিত লাঠিচার্জ করেছে। ঘটনাস্থলে আসার পথে তাঁকেও পুলিশের লাঠিপেটার শিকার হতে হয়েছে বলে অভিযোগ অভিজিতের। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জের যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
এই টানাপোড়েনের মাঝেই সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুলিশি হস্তক্ষেপে তাঁদের আন্দোলন কিছুতেই থামবে না। সোশ্যাল মিডিয়ায় একটি কড়া বার্তায় অভিজিৎ দিপকে তাঁর আমরণ অনশন শুরুর কথা ঘোষণা করেন। দলের পক্ষ থেকেও জানানো হয়েছে, ২০ জুলাই অর্থাৎ আগামিকাল নির্ধারিত ‘চলো সংসদ’ কর্মসূচি বাতিল করা হবে না। এই বিশাল কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে সিজেপি। নিট দুর্নীতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভে সিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (AISF), স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর মতো বামপন্থী ছাত্র সংগঠনগুলিও।
অন্যদিকে, সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তির পর তাঁর স্ত্রী গীতাঞ্জলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন। বর্তমানে সফদরজং হাসপাতালে স্বামীর পাশেই রয়েছেন তিনি। চিকিৎসকদের উদ্দেশে তিনি কড়া বার্তা দিয়ে লেখেন, “আমার, ওঁর পরিবারের এবং গত ২০ দিন ধরে ওঁর স্বাস্থ্যের খেয়াল রাখা ডাক্তারদের অনুমতি ছাড়া যেন মুখে বা শিরায় কোনও ওষুধ না দেওয়া হয়।” হাসপাতাল সূত্রে খবর, ২১ দিনের অনশনের পর ওয়াংচুক বর্তমানে সচেতন ও স্থিতিশীল রয়েছেন। তাঁকে এমার্জেন্সি ওয়ার্ডে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।