“NCPI সমর্থন করবে ডিলিমিটেশন বিল”-NDA-র সমর্থনে মুখ খুললেন কাকলি ঘোষ দস্তিদার

রাজ্যের রাজনীতিতে বড়সড় চমক। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এনডিএ-কে সমর্থন জানিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন। কেবল সমর্থন নয়, তিনি ‘NCPI’ নামক একটি দলের হয়ে সংসদীয় স্বীকৃতির জন্য লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেছেন এবং প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
এনডিএ-তে ফেরার আনন্দ এনডিএ-র প্রতি নিজের সমর্থনের বিষয়টি আর গোপন রাখেননি কাকলি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এনডিএ-র সঙ্গে পুনরায় কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। কাকলির কথায়, “এনডিএ-র সঙ্গে আবার কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করে যাব।” একই সঙ্গে আসন্ন বাজেট অধিবেশনে ডিলিমিটেশন বিল এবং নারী সংরক্ষণ বিলের প্রতি তাঁর দল পূর্ণ সমর্থন জানাবে বলেও তিনি জানান। এছাড়া, গরু জবাইয়ের বিরোধিতায় তিনি সংসদে সরব হবেন বলে স্পষ্ট ঘোষণা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় তোলপাড় কাকলি ঘোষ দস্তিদারের এই অবস্থান বদল ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি সরাসরি লেখেন, “Support NDA! Narendra Modi jindabad, Amit Shah jindabad”। এখানেই থেমে থাকেননি তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি মনে করিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এনডিএ-র হয়ে হাওড়া থেকে প্রার্থী করেছিলেন এবং বাজপেয়ীজি তাঁর হয়ে প্রচার করতে এসেছিলেন।
তৃণমূলকে তোপ শুধু এনডিএ-র প্রশংসা নয়, নিজের পোস্টে তিনি তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনাও করেছেন। তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট এবং এনডিএ-র প্রতি খোলাখুলি সমর্থন রাজ্যের শাসকদল তৃণমূলের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাকলি ঘোষ দস্তিদারের এই পদক্ষেপ তৃণমূলের অন্দরে বড় কোনো ভাঙনের বা নতুন কোনো রাজনৈতিক জোটের ইঙ্গিত বহন করছে।