বাবা হচ্ছেন রণবীর! দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ‘ফ্যামিলি ম্যান’ রণবীর সিং, শুটিং সেট থেকে নিচ্ছেন দীর্ঘ ছুটি

লিউডের অন্যতম চর্চিত দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের জীবনে ফের সুখের হাওয়া। শীঘ্রই দ্বিতীয়বারের জন্য বাবা-মা হতে চলেছেন তাঁরা। আর এই খুশির মুহূর্তকে সেলিব্রেট করতে এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে ক্যারিয়ারের তুঙ্গে থেকেও এক বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা রণবীর সিং। কাজের ব্যস্ততা সরিয়ে আপাতত তিনি পুরোপুরি ‘ফ্যামিলি ম্যান’।

ছুটির ঘোষণা ও ‘প্রলয়’-এর পরিকল্পনা
‘ভ্যারাইটি ইন্ডিয়া’-র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, রণবীর আগামী অগস্ট মাসে পরিচালক জয় মেহতার জম্বি থ্রিলার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। তবে দীপাবলি আসার আগেই তিনি শুটিং থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নভেম্বর মাসে তাঁদের দ্বিতীয় সন্তানের আগমন ঘটবে, তাই সেই সময়টি পরিবারের সঙ্গে কাটানোর জন্য রণবীর ‘প্যাটারনিটি লিভ’ বা পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন। জানা গেছে, ছবির প্রথম দফার কাজ শেষ হওয়ার পর শুটিং সাময়িকভাবে স্থগিত রাখা হবে এবং পরবর্তী শিডিউল শুরু হবে ২০২৭ সালে।

জম্বি থ্রিলারে রণবীরের নতুন অবতারে
‘প্রলয়’ ছবিটির বেশিরভাগ শুটিং অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে হওয়ার কথা। এই জম্বি থ্রিলার ঘরানার ছবিটির স্কেল এবং ক্যানভাস অত্যন্ত বিশাল। রণবীর এই চরিত্রের জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছেন। অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রস্তুতিতে অভিনেতা কোনো খামতি রাখছেন না বলে খবর।

তারকা জুটির ব্যক্তিগত জীবন
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর, ২০২৪ সালের সেপ্টেম্বরে রণবীর-দীপিকার জীবনে আসে প্রথম সন্তান দুয়া। নিজেদের সন্তানকে বরাবরই লাইমলাইটের আড়ালে রাখতে পছন্দ করেন এই দম্পতি। চলতি বছরের এপ্রিল মাসে সোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমেই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁরা।

পেশাগত জীবনে দীপিকা পাড়ুকোনও দারুণ ব্যস্ত। তাঁকে আগামী দিনে শাহরুখ খানের ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে পরিচালক অ্যাটলির সায়েন্স-ফিকশন ছবি ‘রাকা’-তে দেখা যাবে। তবে আপতত রুপোলি পর্দার চাকচিক্য ছেড়ে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই ব্যস্ত এই তারকা দম্পতি। রণবীরের এই দায়িত্ববোধ এবং পিতৃত্বকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন ভক্ত ও অনুরাগীরা।