বৃষ্টি আনতে অভিনব পন্থা! গাধার বিয়ে দিয়ে ইন্দ্রদেবকে প্রসন্ন করার চেষ্টা গ্রামবাসীদের

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হলেও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি না হওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। শুকিয়ে যাচ্ছে মাঠ-ঘাট, সংকটের মুখে খরিফ ফসল। এই পরিস্থিতিতে খরা থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় অনন্তপুর জেলার বজ্রকারুর গ্রামের বাসিন্দারা বেছে নিলেন এক অদ্ভুত ও প্রাচীন পথ—দুই গাধার বিয়ে।
স্থানীয়দের বিশ্বাস, এই বিশেষ ধর্মীয় রীতিনীতি পালন করলে ইন্দ্রদেব প্রসন্ন হন এবং এলাকায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। দীর্ঘদিনের এই ঐতিহ্য মেনেই গ্রামবাসীরা আয়োজন করেন এই বিয়ের অনুষ্ঠান। প্রথমে নাগুলকাট্টা কুয়োর কাছে শাস্ত্রীয় মতে গাধা দুটির বিবাহ সম্পন্ন হয়। এরপর ব্যান্ড-বাজা, ঢোল ও বাদ্যযন্ত্রের তালে বিশাল শোভাযাত্রা করে নবদম্পতিকে গ্রামের পেদ্দাম্মা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই মিছিলে গ্রামের বহু মানুষ অংশ নেন এবং বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
গ্রামবাসীদের অভিযোগ, বর্ষা এলেও বৃষ্টির দেখা নেই, ফলে চাষাবাদ মার খাচ্ছে এবং জলস্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। কৃষকদের আর্থিক বিপর্যয় রুখতেই এই ধরণের লোকবিশ্বাসে আস্থা রেখেছেন তারা। এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি আনার কামনায় ব্যাঙ বা গাধার বিয়ের মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার অনন্তপুরের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে।