কেন ‘এ’ সার্টিফিকেট পেল বিজয়ের বিদায়ী ছবি? মুক্তির আগেই তুঙ্গে উত্তেজনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা হিসেবে পরিচিত বহুল প্রতীক্ষিত ছবি ‘জনা নায়াগান’ এখন মুক্তির অপেক্ষায়। নানা জটিলতা ও বাধা কাটিয়ে অবশেষে ভারতীয় সেন্সর বোর্ডের সবুজ সংকেত পেয়েছে ছবিটি।
নির্মাতা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় খুশির খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘জনা নায়াগান’ আনুষ্ঠানিকভাবে ‘এ’ সার্টিফিকেট (A Certificate) পেয়েছে। পোস্টটিতে তারা লিখেছে, “বন্ধুরা, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।”
প্রসঙ্গত, এই ছবি মুক্তির পরই অভিনয় জগতকে বিদায় জানিয়ে পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে মনোনিবেশ করবেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। ফলে তার এই শেষ সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তবে ছবিটি মুক্তির পথ মোটেও মসৃণ ছিল না। বিভিন্ন সময়ে রাজনৈতিক সমালোচনা এবং সেন্সর জটিলতায় বারবার থমকে গিয়েছিল এই সিনেমার মুক্তির প্রক্রিয়া। সব বাধা পেরিয়ে এখন ছবিটি ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।
এদিকে, সেন্সর বোর্ড ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিলেও, নির্মাতারা এর সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করেননি। তবে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ছবির অ্যাকশন দৃশ্য এবং সহিংস মুহূর্তগুলোর কারণেই হয়তো এই রেটিং দেওয়া হয়েছে।
রাজনীতিতে নামার ঠিক আগমুহূর্তে বিজয়ের এই বিদায়ী সিনেমাটি দক্ষিণ ভারতীয় দর্শকদের জন্য কতটা আবেগের জায়গা তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়।