‘কলকাতা দাঙ্গা’র কালো অধ্যায় মুছে ১৬ আগস্টকে নতুন রূপ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

দীর্ঘদিনের বিতর্কিত ‘খেলা হবে দিবস’-এর ইতি টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরে এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করলেন, আগামী ১৬ আগস্ট থেকে এই দিনটি রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালিত হবে।

কেন এই বদল? মুখ্যমন্ত্রী জানান, গত সরকারের আমলে ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করা হতো, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৯৪৬ সালের ১৬ আগস্ট ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ বা কলকাতা দাঙ্গার মতো এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী ছিল এই শহর। ৭২ ঘণ্টার ওই দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪ হাজার মানুষ এবং গৃহহীন হয়েছিলেন লক্ষাধিক। মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতার ইতিহাসের ওই অন্ধকার দিনটিকে উদযাপন করা কোনোভাবেই কাম্য নয়। তাই আমরা এই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট বর্তমান রাজ্য সরকারের ১০০ দিন পূর্ণ হবে। সেই মাহেন্দ্রক্ষণেই জনকল্যাণমূলক স্বাস্থ্য উদ্যোগ হিসেবে এই দিনটি পালিত হবে।

রানওয়ে মসজিদ বিতর্ক নিয়ে কড়া বার্তা এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিমানবন্দরের রানওয়ে এলাকায় মসজিদ থাকা নিয়ে চলা বিতর্ক নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, জাতীয় নিরাপত্তা এবং বিমানবন্দরের সুরক্ষার সঙ্গে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, “এই বিমানবন্দরের অবস্থান অত্যন্ত সংবেদনশীল। চীন ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে ভৌগোলিক নৈকট্যের কারণে এটি নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তার স্বার্থে নিয়ম মেনে চলা জরুরি। আমরা কাউকে ধর্ম পালনে বাধা দিচ্ছি না, কিন্তু আইন মেনেই সবকিছু করতে হবে।”

রাজনৈতিক মহলের মতে, ১৬ আগস্টকে কেন্দ্র করে তৃণমূল সরকারের নেওয়া উদ্যোগের পাল্টা পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ‘আয়ুষ্মান দিবস’ ঘোষণা রাজ্যে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিল।