শুধু সিনেমার সেট নয়, এখন পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য রামোজি ফিল্ম সিটি: টিটিএফ-এ বিশেষ বার্তা কর্তৃপক্ষের

সিনেমার জাদুকরী দুনিয়া থেকে বেরিয়ে রামোজি ফিল্ম সিটি (RFC) এখন নিজেকে একটি পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে মেলে ধরছে। কলকাতার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (TTF)-এ উপস্থিত হয়ে রামোজি ফিল্ম সিটি কর্তৃপক্ষ জানাল, এটি এখন আর কেবল সিনেমার শুটিংয়ের স্থান নয়; কর্পোরেট ইভেন্ট, ডেস্টিনেশন ওয়েডিং এবং পারিবারিক ছুটির জন্য এটি এক অনন্য ঠিকানা।

রামোজি ফিল্ম সিটির সিনিয়র জেনারেল ম্যানেজার তুষার গর্গ জানান, এখানে কর্পোরেট সংস্থাগুলির জন্য প্রায় ১০০টি ভেন্যু, ৫০০-র বেশি হোটেল রুম এবং ৮০০ শয্যার ডরমিটরি রয়েছে। ১০ জনের বোর্ড মিটিং থেকে ১০ হাজার মানুষের মেগা ইভেন্ট—সবই এখানে আয়োজিত হতে পারে। তুষারবাবুর কথায়, এটি কেবল বৈঠকের জায়গা নয়, এটি একটি ‘এক্সপেরিয়েন্স’। সম্প্রতি এখানে এ আর রহমান ও এড শিরানের মতো আন্তর্জাতিক শিল্পীদের কনসার্ট সফলভাবে আয়োজিত হয়েছে।

শীতের মরশুমকে সামনে রেখে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ‘সগাই থেকে বিদায়’—এই ভাবনা নিয়ে বিশেষ প্যাকেজ তৈরি করা হয়েছে। রাজকীয় প্রাসাদ থেকে শুরু করে সবুজে ঘেরা লন, প্রতিটি অনুষ্ঠানের জন্য রয়েছে আলাদা ভেন্যু।

অন্যদিকে, ট্যুরিজম ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার সূরজ সিনহা জানিয়েছেন, এখানে প্রায় ৩৫০০-রও বেশি সিনেমার শুটিং হয়েছে। ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘পুষ্পা’-র মতো বিখ্যাত সিনেমার সেট দেখার অভিজ্ঞতার পাশাপাশি পুজোর মরশুমে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আয়োজিত হবে বিশেষ ‘দশেরা টু দীপাবলি কার্নিভাল’। এই এক মাস সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যটকদের জন্য থাকছে লাইভ মিউজিক, প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য ‘ফান্ডুস্তান’।

থাকার জন্য বাজেট হোটেল থেকে শুরু করে গ্ল্যাম্পিং টেন্ট—সব ব্যবস্থাই রয়েছে। পাশাপাশি, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ স্টাডি ট্যুর প্যাকেজে ফিল্ম মেকিং ওয়ার্কশপ ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগও মিলছে। পর্যটন মেলায় এই স্টলটি পরিদর্শনের পর রিঙ্কু ঘোষ আশাপ্রকাশ করেন যে, এই উদ্যোগ বাঙালি পর্যটকদের জন্য হায়দরাবাদ ভ্রমণের নতুন দিগন্ত খুলে দেবে।