ডনের পর এবার ‘প্রলয়’! পরিচয় লুকাতে মুখ ঢেকে হঠাত্‍ কেন হনসল মেহেতার অফিসে রণবীর?

‘ধুরন্ধর’-এর দুই পর্বের ব্যাপক সাফল্যের পর রণবীর সিং এখন সাফল্যের শিখরে। কিন্তু সাফল্য পাওয়ার পরই যেন নিজেকে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে নিচ্ছেন অভিনেতা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে কালো মাস্কে মুখ ঢেকে পাপারাজ্জিদের এড়িয়ে যাওয়ার পর, এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সম্প্রতি মুম্বইয়ে চিত্রপরিচালক হনসল মেহেতার অফিসে রণবীরকে দেখা গেল সম্পূর্ণ মুখ ঢেকে। কালো টি-শার্ট, ব্লেজার, মুখে কালো মাস্ক, চোখে সানগ্লাস এবং মাথায় ক্যাপ—সব মিলিয়ে রণবীর যেন মরিয়া ছিলেন নিজের পরিচয় আড়াল করতে।

অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ও পাপারাজ্জিদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। সেই সময় হনসল মেহেতার অফিসে জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছবড়াকেও দেখা যাওয়ায় জল্পনা তুঙ্গে। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ‘ডন ৩’ সংক্রান্ত বিতর্কের পর রণবীর আপাতত তাঁর পরবর্তী বহু প্রতীক্ষিত ছবি ‘প্রলয়’-এর প্রস্তুতিতেই সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী দেড় বছর অভিনেতা নিজেকে লাইমলাইট থেকে অনেকটা দূরে সরিয়ে রাখবেন এবং শুধুমাত্র নিজের কাজের দিকেই মনোযোগ দেবেন।

রণবীরের এই রহস্যময় উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকে মনে করছেন, রণবীরের আগামী জন্মদিন, অর্থাৎ ৬ জুলাই, ‘প্রলয়’-এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। আবার অন্য এক ভক্তের ধারণা, নতুন ছবির লুক এখনই প্রকাশ্যে আসুক তা চান না বলেই অভিনেতা বারংবার নিজের মুখ আড়াল করছেন। সূত্র অনুযায়ী, ‘প্রলয়’ একটি বিশাল বাজেটের ছবি হতে চলেছে, যার খরচ প্রায় ৩০০ কোটি টাকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন হনসল মেহেতা ও রণবীর সিং। পাশাপাশি আরও একটি প্রযোজনা সংস্থা এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনের নামও উঠে আসছে সম্ভাব্য নায়িকা হিসেবে, যদিও সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

একটি বিষয় স্পষ্ট—সাফল্যের শিখরে থেকেও রণবীর আপাতত নীরবতাকে বরণ করে নিয়েছেন। লাইমলাইট থেকে এই সচেতন দূরত্বই এখন তাঁর আগামী ছবিকে ঘিরে কৌতূহলকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে রণবীর এই নীরবতা ভেঙে তাঁর নতুন প্রজেক্টের ঘোষণা করেন।