মাদকের গ্রাসে দেশ! ৩৭ কোটি আসক্ত, প্রতি বছর অকালে ঝরছে ৯ লক্ষ প্রাণ: এক ভয়াবহ জাতীয় বিপর্যয়

মাদকাসক্তি এখন আর কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, এটি ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পঞ্জাবের গলি থেকে কেরলের ‘রেভ পার্টি’ কিংবা জাতীয় সড়কের ধারের খাবারের দোকানের আড়ালে গড়ে ওঠা সিন্ডিকেট—মাদকের মরণজালে জড়িয়ে পড়ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। ইটিভি ভারতের ‘ভারত এগেইনস্ট ড্রাগস’ (Bharat Against Drugs) শীর্ষক বিশেষ আট পর্বের সিরিজে উঠে এসেছে ভারতের মাদক সমস্যার এক ভয়াবহ চিত্র।
সংখ্যানংত ভয়াবহতা: সরকারি তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩৭ কোটি মানুষ কোনো না কোনো নেশাজাতীয় দ্রব্যের কবলে। আর এই আসক্তির বলি হয়ে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন প্রায় ৯ লক্ষ মানুষ। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি মৃত্যু একটি পরিবারের ধ্বংসের প্রতীক। মানবিক বিপর্যয়ের পাশাপাশি, মাদকাসক্তি দেশের অর্থনীতির ওপর এক বিশাল বোঝা হয়ে চেপে বসেছে। সমাজব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করার পাশাপাশি এটি সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদকেও প্রত্যক্ষভাবে মদত জোগাচ্ছে।
সন্ত্রাসের নতুন পথ: হেরোইন পাচারের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট ‘গোল্ডেন ক্রিসেন্ট’ ও ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’-এর সংযোগস্থল হওয়ায় ভারত এখন মাদকের বড় ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। সীমান্তে কড়াকড়ি থাকা সত্ত্বেও নানাবিধ কৌশলে মাদক ঢুকছে ভারতের মূল ভূখণ্ডে। এই সমস্যা এখন আর কেবল সীমান্তবর্তী রাজ্যগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং শহর থেকে গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
কেন এই বিশেষ সিরিজ? ইটিভি ভারতের আট পর্বের এই বিশেষ সিরিজটি কেবল সমস্যা তুলে ধরছে না, বরং এর গভীরে গিয়ে ভারতের মাদক প্রবেশের প্রধান পথগুলো, এর সামাজিক-অর্থনৈতিক প্রভাব এবং এই মরণব্যধির বিরুদ্ধে সরকার, সমাজ ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর লড়াইয়ের চিত্রগুলো তুলে ধরেছে। মাদকবিরোধী যুদ্ধে কারা জয়ী হচ্ছে, আর কোথায় ব্যর্থতার ছাপ স্পষ্ট—তা নিয়েই এই বিশেষ অনুসন্ধান।
মাদকাসক্তির বিরুদ্ধে ভারতের লড়াই এখন সময়ের দাবি। তরুণ প্রজন্মের প্রাণ বাঁচানো এবং দেশের সুস্থ সমাজ কাঠামো বজায় রাখার জন্য এই লড়াইয়ে শামিল হওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব।