“১০০ দিনের কাজের টাকা লুঠ”-TMC-নেতার মাথা মুড়িয়ে, দড়ি বেঁধে এলাকা ঘোরালেন গ্রামবাসীরা!

১০০ দিনের কাজের প্রকল্পে (MGNREGA) ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে রণক্ষেত্র হাওড়ার শ্যামপুর। সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নাকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়া গ্রামবাসীরা অভিযুক্ত নেতার মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে এবং কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরান বলে অভিযোগ। এই নজিরবিহীন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কেন এই জনরোষ? স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সন্ন্যাসী মান্নার বিরুদ্ধে ১০০ দিনের কাজের অর্থ বণ্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল। এলাকাবাসীদের দাবি, প্রকল্পের বরাদ্দ নিয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার সেই পুঞ্জীভূত ক্ষোভই প্রকাশ্যে আছড়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, সরকারি টাকা লুঠের জবাবদিহি চাইতেই তাঁরা এই প্রতিবাদে সামিল হন।

কী ঘটেছিল রবিবার? রবিবার হঠাৎই এলাকায় জড়ো হন ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ। অভিযোগ, সন্ন্যাসী মান্নাকে ঘিরে ফেলে চরম হেনস্থা করা হয়। বিক্ষোভের এক পর্যায়ে তাঁর মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এরপর কোমরে দড়ি বেঁধে তাঁকে এলাকার বিভিন্ন রাস্তায় ঘোরানো হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশি তৎপরতা ও রাজনৈতিক চাপানউতোর ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় শ্যামপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের ভিড় থেকে অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এলাকার পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy