“১০টা মানে ১০টাই!”-সরকারি অফিসে এবার কড়া নিয়ম, দেরিতে এলেই কাটা যাবে ছুটি!

সরকারি দফতরে প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থানে রাজ্য সরকার। অফিসের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সমস্ত সরকারি অফিসে বাধ্যতামূলকভাবে ‘বায়োমেট্রিক হাজিরা’ (Biometric Attendance) ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ১৫ জুন থেকে নবান্ন দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হচ্ছে এবং ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি অফিসে এই নিয়ম বলবৎ হবে।

কী কী নিয়ম মানতে হবে? রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি সরকারি কর্মীকে ফেস রিকগনিশন ডিভাইসের মাধ্যমে নিজের ইন-আউট টাইমিং রেকর্ড করতে হবে। নতুন নিয়মগুলো একনজরে:

  • দেরি ও অনুপস্থিতি: সকাল ১০টা ১৫ মিনিটের পর অফিসে ঢুকলে তা ‘লেট’ হিসেবে গণ্য হবে। আর বেলা ১১টার পরে পৌঁছালে ওই দিনটিকে ‘অনুপস্থিত’ হিসেবে ধরা হবে।

  • আর্লি ডিপারচার: বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস থেকে বের হওয়া যাবে না। বেরোলে তা ‘আর্লি ডিপারচার’ বলে গণ্য হবে।

  • ছুটি কাটা: কোনো কর্মী যদি মাসে তিন দিন দেরিতে আসেন বা আগে বেরিয়ে যান, তবে তাঁর একদিনের ক্যাজুয়াল লিভ (CL) কেটে নেওয়া হবে। একই দিনে দেরিতে আসা এবং আগে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটলে ওই দিনটিকে ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করে ছুটি কাটা হবে।

  • আউট পাঞ্চের গুরুত্ব: অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিকে ‘আউট পাঞ্চ’ করা বাধ্যতামূলক। তা না করলে দিনটিকে ‘অনুপস্থিত’ হিসেবেই ধরা হবে।

ব্যতিক্রমী পরিস্থিতি: মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, প্রতিটি কর্মীকে কাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। তবে অফিসের কাজ বা মিটিংয়ের প্রয়োজনে কোনো আধিকারিক বা কর্মী যদি দেরি করেন বা আগে বেরোন, তবে সংশ্লিষ্ট দফতরের প্রধানের অনুমোদনের ভিত্তিতে তা ছাড় পাওয়া যাবে। জরুরি পরিস্থিতিতে অফিস সময়ের পরেও কর্মীদের কাজ করার মানসিকতা রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy