স্বপ্নপূরণ, তবুও ফেরা হলো না! এভারেস্টেই চিরনিদ্রায় অরুণ কুমার তিওয়ারি, নিল পরিবার

পাহাড়ের টানে পাহাড়েই বিলীন হলেন এক দুর্ধর্ষ পর্বতারোহী। গত ২১ মে এভারেস্ট জয়ের স্বাদ পাওয়ার পরেই নেমে আসে অন্ধকার। শৃঙ্গ জয় করে ফেরার পথে হিলারি স্টেপের কাছেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫৩ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মী অরুণ কুমার তিওয়ারি। এবার তাঁর পরিবারের নেওয়া এক সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রে উঠে এসেছে—তাঁরা অরুণের দেহ আর নিচে ফিরিয়ে আনতে চান না।

পাহাড়ের কোলেই শান্তিতে থাকুক অরুণ অরুণের জামাইবাবু সুধীর উপাধ্যায় জানিয়েছেন, পর্বতকে ভালোবেসেই অরুণের এই পথচলা। পরিবার মনে করে, এভারেস্ট ভগবান শিবের বাসভূমি। তাই অরুণের জন্য এর চেয়ে পবিত্র জায়গা আর হতে পারে না। সুধীরবাবু বলেন, “ও ওখানেই চির আশ্রয়ে থাকুক। দেহ নামিয়ে আনার ঝুঁকি অত্যন্ত বেশি। উদ্ধারকারীদের প্রাণের ঝুঁকি নিয়ে হিমালয়ের ওই উচ্চতায় মৃতদেহ ফিরিয়ে আনা আমাদের কাম্য নয়।”

কেন ফিরে এলো না দেহ? ৮,০০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত ‘ডেথ জোন’ থেকে দেহ উদ্ধার করা কোনো সাধারণ কাজ নয়। প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনশূন্যতা এবং হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে এই অভিযান অত্যন্ত বিপজ্জনক। একটি দেহ উদ্ধারের জন্য ৮ থেকে ১২ জন দক্ষ পর্বতারোহীর প্রয়োজন হয় এবং এতে ব্যয় হয় প্রায় ৭১ লক্ষ টাকার কাছাকাছি। অরুণের পরিবারের মতে, দীর্ঘ সময় ও প্রতিকূল পরিস্থিতিতে মৃতদেহ বাড়িতে ফিরলেও তা আর অক্ষত অবস্থায় পাওয়ার সম্ভাবনা কম। সেই কারণেই আবেগ ও বাস্তবতাকে মাথায় রেখে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

পাহাড়প্রেমী অরুণের স্বপ্ন তথ্যপ্রযুক্তি কর্মী হলেও অরুণের পরিচয় ছিল একজন দক্ষ পর্বতারোহী হিসেবে। এর আগে রাশিয়ার মাউন্ট এলব্রুজ, আলাস্কার মাউন্ট ডেনালি এবং আর্জেন্টিনার মাউন্ট আকেনকাগোয়ার মতো কঠিন শৃঙ্গ জয় করেছিলেন তিনি। গত বছর ৭,২০০ মিটার উচ্চতা থেকে ফিরে আসতে হলেও, এ বছর হাল ছাড়েননি। অবশেষে এভারেস্ট জয় করলেও, ফেরার পথে অমোঘ মৃত্যুকে আটকাতে পারলেন না তিনি। পেছনে রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।

একই অভিযানে ৪৬ বছর বয়সি সন্দীপ আরে নামের আরও এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তবে তাঁর দেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এভারেস্টের মতো রুক্ষ শৃঙ্গে জয় এবং মৃত্যুর এই উপাখ্যান আবারও মনে করিয়ে দিল, হিমালয়ের অমোঘ টানে বারবার ঝাঁপ দিলেও, প্রকৃতি সেখানে শেষ কথা বলে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy