রাজ্যে পালাবদলের পর থেকেই নতুন সরকারের একাধিক জনমুখী প্রকল্প নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি সরকার গঠনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ও ‘যুবশক্তি’ প্রকল্প। জনগনকে মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের পথে হাঁটছে নতুন সরকার। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে রাজ্যের যোগ্য মহিলা ও বেকার যুবক-যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে ভাতা পৌঁছে যাবে।
পূর্ববর্তী সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের পরিমার্জন ঘটিয়ে এবার নতুন রূপে আসছে ‘যুবশক্তি’ প্রকল্প। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যুবসাথীর প্রাক্তন উপভোক্তারা কি এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি নির্দেশিকা অনুযায়ী, যারা আগে থেকেই বেকার ভাতার সুবিধা পাচ্ছিলেন, তাদের নতুন তালিকার অন্তর্ভুক্ত করা হবে। তবে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি আবেদন নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরকারি অর্থ সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হবে।
এই ভাতার সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে:
১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বেকার যুবক-যুবতীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
৪. উপভোক্তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছু প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। যার মধ্যে রয়েছে—আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর। ‘যুবশক্তি ভরসা কার্ড’ তৈরির মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। যারা এখনও আবেদন করেননি, তাদের দ্রুত প্রয়োজনীয় নথি নিয়ে নিকটবর্তী সরকারি কেন্দ্রে যোগাযোগ করতে বলা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে খবর, যোগ্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। ১ জুনের পর থেকে যাতে কোনো জটিলতা ছাড়াই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছায়, তা নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করছেন আধিকারিকরা। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বেকার যুবশক্তির হাতে সরাসরি অর্থ পৌঁছে দিয়ে তাদের সামাজিক সুরক্ষা প্রদান করা। এখন দেখার, এই নতুন প্রকল্পের সুবিধা রাজ্যের কত হাজার বেকার যুবক-যুবতী পান এবং তা কতটা স্বচ্ছভাবে বাস্তবায়িত হয়।





