রাজ্য মহিলা কমিশন থেকে ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের! টলিপাড়া থেকে নবান্ন— তুঙ্গে জল্পনা

মেয়াদের শেষলগ্নে পৌঁছেই বড় সিদ্ধান্ত নিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। গত শুক্রবারই তিনি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। বুধবার এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে টলিপাড়া— সর্বত্র শুরু হয়েছে জোর চর্চা।

সংবাদমাধ্যমের তরফে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, গত শুক্রবার ইস্তফা পত্র দিয়েছি। তবে এখনও পর্যন্ত আমার কাছে কমিশনের তরফে কোনো প্রত্যুত্তর আসেনি। আমি অপেক্ষায় রয়েছি।” তবে ইস্তফা দিলেও বুধবার তিনি কমিশনের দপ্তরে যাবেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, “দপ্তরে তো আমাকে যেতেই হয়। ওটা আমার কাজের জায়গা। এখনও অতীত হয়ে যায়নি। তাই আজও যাব।”

কেন এই হঠাৎ পদত্যাগ? মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে একটানা সর্বোচ্চ ৯ বছর থাকা যায়। সেই নিরিখে আগামী জুলাই মাসেই লীনা গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদের মাত্র দু’মাস আগেই তাঁর এই প্রস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য।

সূত্রের দাবি, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউডের একাংশের তরফে লীনার পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছিল। তাঁর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকে। রাহুলের মৃত্যু ও তাঁর প্রযোজনা সংস্থার কিছু মেগা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া কি এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সংশ্লিষ্ট মহলে।

কাজেই থাকতে চান লীনা: বিপর্যয় বা বিতর্ক যাই আসুক, কাজ থামিয়ে রাখতে নারাজ এই জনপ্রিয় লেখিকা ও প্রযোজক। কাজের মূলস্রোতে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “আমি কাজের মানুষ। কাজে থাকতেই ভালোবাসি। কাজ কিছুই বন্ধ করিনি। কাজেই থাকব।”

এদিকে ইস্তফা নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বুধবারই কমিশনের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বলে খবর। সেখান থেকেই কি সরকারিভাবে লীনার বিদায় ঘোষিত হবে? না কি আরও বড় কোনো চমক অপেক্ষা করছে? সেদিকেই তাকিয়ে শহরবাসী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy