তৃণমূলের তিন হেভিওয়েট হারতেই মন্দিরে পাঁঠাবলি! মন্ত্রীদের নামে উৎসর্গ করে বিস্ফোরক প্রাক্তন বিধায়ক

ভোটের ফলাফল প্রকাশের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের জামালপুর। ফলাফল ঘোষণার পরদিন বুধবার তিন নেতার নামে তিনটি পাঁঠা নিয়ে জামালপুরের প্রসিদ্ধ বুড়োরাজ মন্দিরে হাজির হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা। নিছক পুজো দেওয়া নয়, ওই তিনটি পাঁঠার গলায় ঝোলানো ছিল তৃণমূলের তিন হেভিওয়েট নেতা— অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম। যা দেখে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

তপন চট্টোপাধ্যায়ের দাবি, তিনি মানত করেছিলেন যে যদি তৃণমূলের এই তিন হেভিওয়েট প্রার্থী পরাজিত হন, তবে তিনি বুড়োরাজ মন্দিরে পাঁঠাবলি দিয়ে পুজো দেবেন। বুধবার দুপুরে মন্দির চত্বরে দাঁড়িয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তিনি সরাসরি অভিযোগ তোলেন যে, তৃণমূল দলটিকে শেষ করার পিছনে এই তিন নেতারই বড় ভূমিকা রয়েছে। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগসাজশ করেই সুকৌশলে দলকে দুর্বল করা হয়েছে। প্রাক্তন এই বিধায়কের কথায়, “দলটি উচ্ছন্নে চলে যাক, দল হারুক— আমি ভগবানের কাছে এমনই মানত করেছিলাম।”

এখানেই শেষ নয়, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা উসকে দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, আগামীতে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে কোন শিবিরে তাঁকে দেখা যাবে, তা নিয়ে এখনই খোলসা করতে রাজি হননি। বুড়োরাজ মন্দিরের সেবাইতদের মতে, রাজনৈতিক পরাজয় উদযাপনে বা রাজনৈতিক কারণে মানত পূরণে এভাবে পাঁঠা নিয়ে মন্দিরে আসার ঘটনা তাঁদের কাছে একেবারেই নতুন এবং অভাবনীয়।

অন্যদিকে, জয়ের স্বাদ নিয়ে এদিন সকালেই নিজের নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামে পৌঁছন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের হনুমান জিউর মন্দিরে পুজো দিয়ে তিনি সোজা চলে যান বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে কয়েক হাজার কর্মী-সমর্থক তাঁকে পুষ্পবৃষ্টি ও মালা দিয়ে বরণ করে নেন। উচ্ছ্বসিত কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “আইন কেউ হাতে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী প্রতিটি রাজনৈতিক কেস রি-ওপেন করা হবে। এমন কাজ করব যাতে ১০০ বছর রাজ্যে বিজেপি থাকে।” নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তিনি তৃণমূলকে কটাক্ষ করে শান্তি বজায় রাখার আবেদন জানান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy