ভোটের দিনই বঙ্গে রাহুল! শ্রীরামপুর থেকে মেটিয়াবুরুজ, একযোগে কাঁপাবেন তিন জনসভা!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। আর ঠিক সেই দিনেই রণক্ষেত্রে নামছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের অন্যতম প্রধান মুখ রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, বৃহস্পতিবার তিনি পশ্চিমবঙ্গে মোট তিনটি হাই-ভোল্টেজ নির্বাচনী জনসভা করবেন। মূলত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেই এবার কংগ্রেসের হেভিওয়েট প্রচারের ফোকাস থাকছে।

সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাসে জনসভা করবেন রাহুল। বিশেষ নজর থাকছে শ্রীরামপুর কেন্দ্রের দিকে, কারণ সেখানে এবার কংগ্রেসের হয়ে লড়াই করছেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ঘরের মাঠের লড়াইয়ে রাহুলের উপস্থিতি কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে ১৪ এপ্রিল উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদে রাহুলের জনসভায় উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। সেই সাফল্যের ধারা এবার দক্ষিণবঙ্গেও বজায় রাখতে চায় হাত শিবির।

বিগত সভাগুলোতে রাহুল গান্ধীর আক্রমণের নিশানায় ছিল বিজেপি, আরএসএস এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাহুল দাবি করেছেন, “এই সরকারের আমলে রাজ্যে শুধু বেকারত্ব বেড়েছে এবং শিল্প মুখ থুবড়ে পড়েছে। সিন্ডিকেটরাজের কারণে সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না।” একইসঙ্গে তাঁর সাফ বার্তা, তৃণমূল বিজেপিকে রুখতে পারবে না; একমাত্র কংগ্রেসই পারে আদর্শগত লড়াই চালিয়ে যেতে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণের দিন রাহুলের এই ঝটিকা সফর এবং ২৯ এপ্রিলের দ্বিতীয় দফার ভোটের আগে এই প্রচার রাজ্যে নতুন সমীকরণ তৈরি করে কি না, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy