২০২৬ বিধানসভা নির্বাচনে দীর্ঘ ২০ বছর পর পশ্চিমবঙ্গে একা লড়ছে কংগ্রেস। ভোটের মাত্র ৮ দিন আগে আগামীকাল, মঙ্গলবার রাজ্যে প্রথম নির্বাচনী প্রচারে আসছেন রাহুল গান্ধী। কিন্তু তাঁর সফরের ২৪ ঘণ্টা আগেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাড ভাঙা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
কংগ্রেসের অভিযোগ, মহকুমা শাসকের (SDO) কাছ থেকে লিখিত অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের নির্দেশে হেলিপ্যাডের একাংশ ভেঙে দেওয়া হয়েছে। কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি একে ‘রাজনৈতিক সৌজন্যহীনতা’ বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে, তৃণমূলের দাবি, গত ৩ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য তাদের প্রার্থীর খরচেই ওই হেলিপ্যাড তৈরি হয়েছিল। মাঠ পরিষ্কার করার দায়িত্ব থেকেই সেটি ভাঙা হয়েছে। তবে জেলাশাসক বিবেক কুমার জানিয়েছেন, নতুন সভার জন্য পুনরায় অনুমতি ও পরিকাঠামো প্রস্তুত করা প্রয়োজন। শেষ পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেস কর্মীরা নিজেরাই হেলিপ্যাডের ভাঙা অংশ মেরামত করেছেন। মঙ্গলবার রায়গঞ্জের পাশাপাশি মালদা ও মুর্শিদাবাদেও জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা।





