মুজাফফরপুর জেলার খাঙ্গুরাডিহ পঞ্চায়েতের অন্তর্গত রাম খাঙ্গুরা গ্রামে এক ভয়াবহ খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। ভগবান সত্যনারায়ণের পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১০০ জন গ্রামবাসী। অসুস্থদের মধ্যে সিংহভাগই নারী ও শিশু। প্রত্যেকেরই বমি, ডায়রিয়া ও তীব্র পেটে ব্যথা শুরু হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা লোতান দাসের ছেলের বিয়ে আগামী ১৭ এপ্রিল। বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠান হিসেবে গত শনিবার বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। পুজোর পর আত্মীয় ও গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শনিবার সব ঠিকঠাক থাকলেও, রবিবার সকাল থেকে একের পর এক গ্রামবাসীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
খবর পেয়েই কাটরা পিএইচসি থেকে অ্যাম্বুলেন্স পৌঁছে রোগীদের কাটরা ও সিংওয়াড়ার হাসপাতালে ভর্তি করে। কাটরা সিএইচসি-র ইনচার্জ ডাঃ কুমার কল্যাণ জানিয়েছেন, “প্রাথমিকভাবে এটি ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার ঘটনা বলেই মনে হচ্ছে। বর্তমানে সকল রোগী বিপদমুক্ত এবং অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।” প্রশাসনের তরফে প্রসাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটরা থানার পুলিশ।





