অস্ত্র ও ড্রাগ বোঝাই ২০০ বাস আসছে ইউপি থেকে? নদীয়ার সভা থেকে বিষ্ফোরক মমতা!

২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে। এবার সরাসরি শুভেন্দু অধিকারী ও অমিত শাহকে লক্ষ্য করে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তি নিয়ে সোমবার নদিয়ার সভা থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি।

“ভাড়াটে ভিড় বনাম ঘরের মেয়ে” গত ২ এপ্রিল অমিত শাহের উপস্থিতিতে ভবানীপুরে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। সেই রোড-শো’তে হওয়া গোলমাল নিয়ে মমতা বলেন, “ওরা রাজনৈতিক সৌজন্য জানে না। ৫০০ টাকা করে দিয়ে বাইরের লোক ভাড়া করে এনেছিল। ভবানীপুরের মাত্র ১৬ জন লোক ছিল সেখানে, বাকি সব বাস ভর্তি করে কাঁথি, পটাশপুর আর এগরা থেকে আনা হয়েছে।” নিজের ৮ তারিখের মনোনয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “জবাব এবার পাবে। তোমার আমও যাবে, আমের ছালাও যাবে!”

ইউপি থেকে আসছে অস্ত্র ও ড্রাগ বোঝাই বাস? মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি ছিল বহিরাগতদের প্রবেশ নিয়ে। শান্তিপুরের সভা থেকে তিনি সতর্ক করে বলেন, “বিহারের মতো এবারও ট্রেনের বদলে বাসে করে লোক আনা হচ্ছে। আমি শুনলাম উত্তরপ্রদেশ থেকে ২০০টি বাস আসছে। তার ভেতর কী আছে ভগবান জানে! ড্রাগ থাকতে পারে, অস্ত্র থাকতে পারে।” এমনকি কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির হয়ে টাকা ঢোকাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

ভবানীপুরে ৪০ হাজার নাম বাদ! ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, বিশেষ সমীক্ষার (SIR) ফলে তাঁর কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪০ হাজার মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। তবে এতে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। মমতার কথায়, “তাতে আমার বয়েই গেছে। আমি মানুষের ভালোবাসায় ওখানে ৩৬৫ দিন থাকি, আমি বসন্তের কোকিল নই।”

নির্বাচনী লড়াইয়ের সুর বাঁধা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক মেজাজ স্পষ্ট করে দিচ্ছে যে, এবারের লড়াইয়ে তিনি এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন। একদিকে যখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে শক্তি প্রদর্শন করছে, তখন মমতা ‘মা-মাটি-মানুষ’ এবং ‘বহিরাগত’ ইস্যুকে হাতিয়ার করে পাল্টা আঘাত হানছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy