ইরানে ইজরায়েল ও আমেরিকার বিধ্বংসী হামলার জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। সোমবার যুদ্ধের তৃতীয় দিনেও দুবাই, দোহা এবং আবুধাবির মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি বন্ধ থাকায় বিশ্বজুড়ে কয়েক হাজার বিমান যাতায়াত ব্যাহত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষ লক্ষ আন্তর্জাতিক যাত্রী।
বাতিল বিমানের সর্বশেষ তালিকা:
এয়ার ইন্ডিয়া: ২ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইজরায়েল ও কাতারের সমস্ত উড়ান স্থগিত। ইউরোপের কিছু বিমানও বাতিল করা হয়েছে।
ইন্ডিগো: ২ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহারকারী সব উড়ান বন্ধ রেখেছে ভারতের এই বৃহত্তম সংস্থা।
এমিরেটস ও ইতিহাদ: ২ মার্চ ১১০০ ও ১০০০ জিএমটি পর্যন্ত দুবাই ও আবুধাবি থেকে সমস্ত বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজ: ১৫ মার্চ পর্যন্ত টিকিট বুকিং থাকলে ২৯ মার্চের মধ্যে বিনামূল্যে তারিখ পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। ৮ মার্চ পর্যন্ত সম্পূর্ণ টাকা ফেরতের (Refund) আবেদন করা যাবে।
লুফথানসা ও এয়ার ফ্রান্স: ৮ মার্চ পর্যন্ত তেল আবিব, বৈরুত ও তেহরানের ফ্লাইট স্থগিত রেখেছে লুফথানসা। ৩ মার্চ পর্যন্ত দুবাই ও রিয়াদ যাচ্ছে না এয়ার ফ্রান্স।
কাতার এয়ারওয়েজ: আকাশসীমা বন্ধ থাকায় দোহা থেকে সমস্ত উড়ান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সিঙ্গাপুর ও মালয়েশিয়া এয়ারলাইন্স: ৭ মার্চ পর্যন্ত দুবাই ও ৪ মার্চ পর্যন্ত দোহা-জেড্ডার ফ্লাইট বাতিল করেছে এই দুই সংস্থা।
তুর্কি ও জাপান এয়ারলাইন্সও তাদের মধ্যপ্রাচ্যের রুটগুলিতে বড়সড় কাটছাঁট করেছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।





