মেট্রো স্টেশনে প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন যুবক। হঠাৎ সেখানে হাজির খোদ গর্ভধারিণী! হাতেনাতে ধরা পড়ার পর চড়-থাপ্পড় বা বকুনি নয়, বরং মেট্রো স্টেশনেই ছেলের বাগদান সম্পন্ন করলেন মা। এমনই এক অদ্ভুত ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মেট্রো স্টেশনের বেঞ্চেই ছেলের প্রেমিকার হাতে মিষ্টি ও ফল তুলে দিয়ে আশীর্বাদ করছেন ওই মহিলা। রাগের মাথায় তিনি নির্দেশ দিচ্ছেন, “তাড়াতাড়ি ভিডিও তোল, এটা আমার হবু বউমার বাবাকে পাঠিয়ে দেব।” যুবক বারবার বাধা দিলেও মা নাছোড়বান্দা। তাঁর সাফ কথা, জনসমক্ষে তাঁর যে অসম্মান হয়েছে, তার বদলা এই ‘বিয়ে’তেই। নেটপাড়ায় অনেকেই মায়ের এই উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “এমন মা ঘরে ঘরে থাকা দরকার,” আবার কারও মতে, “মেয়ের বাড়ির অমতে এভাবে বাগদান করা ঠিক হয়নি।” যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।