ক্রিকেট বিশ্বে পাকিস্তানের নাটকীয়তা যেন থামার নাম নেই। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছে পাকিস্তান সরকার ও বোর্ড, অন্যদিকে ভারতের মেয়েদের বিরুদ্ধে খেলতে তাদের কোনো আপত্তি নেই! একই দেশের দুই দলের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই দুই রকম নীতি নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তুুমুল চর্চা।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ককে শুরু হতে চলেছে মেয়েদের এশিয়া কাপ। ১৫ ফেব্রুয়ারি সূচি অনুযায়ী মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তান ‘এ’ দলের। আশ্চর্যের বিষয় হলো, এই একই দিনে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান মহারণ হওয়ার কথা। কিন্তু সেখানে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। এমনকি নকআউট পর্বে দেখা হলেও তারা হার মানবে কিন্তু খেলবে না। অথচ মেয়েদের এশিয়া কাপের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে পিসিবি, যেখানে ভারতের বিরুদ্ধে খেলার বিষয়ে বয়কটের কোনো নামগন্ধ নেই।
পাকিস্তানের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি-ও। যেখানে ছেলেদের ক্রিকেটকে রাজনৈতিক টানাপোড়েনের হাতিয়ার করা হচ্ছে, সেখানে মেয়েদের ক্রিকেট কেন সেই আওতার বাইরে? ক্রিকেট মহলে জল্পনা, পাকিস্তান কি তবে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চাইছে? ছেলেদের বিশ্বকাপ বয়কট করলে টুর্নামেন্টের গ্ল্যামার কমবে ঠিকই, কিন্তু আইসিসি-র কড়া শাস্তির মুখে পড়তে পারে পিসিবি। মেয়েদের এশিয়া কাপে চুপচাপ দল পাঠিয়ে পাকিস্তান কি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে? গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে আরব আমিরশাহি এবং নেপাল। এখন দেখার, ১৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ককের মাঠে ভারত-পাক দ্বৈরথ নির্বিঘ্নে হয় কি না।