‘টাকার গদি’, ‘টাকার খনি’ নিয়ে এবার দেড় ঘণ্টার খেলা! সুদীপ্তার শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ কেন জীবন বদলে ফেলার গল্প শোনালেন প্রসেনজিৎ?

বাংলার মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হওয়া জনপ্রিয় নন-ফিকশন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এখন সিজন ২-এ এসে জনপ্রিয়তার শিখরে। দেখতে দেখতে এই শো-এর বর্ষপূর্তির উৎসব এবং নভেম্বরের মাসিক ফিনালে! এই বিশেষ পর্বে উপস্থিত থাকছেন স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’— অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নব রূপে, নব সাজে এখন টানা দেড় ঘণ্টা ধরে এই শো দেখা যাচ্ছে। এই ধামাকা মাসিক ফিনালেটি আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টায় সান বাংলায় সম্প্রচারিত হবে।
মাসিক ফিনালেতে বুম্বাদার ধামাকা
সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলা-মজায় ভরপুর। এই পর্বের বিজয়িনী পাবেন ২ লাখ টাকা নগদ পুরস্কার। লড়াকু মা লক্ষ্মীরা তাঁদের জীবন সংগ্রামের গল্প শোনাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ শুধু গল্প শুনবেন না, থাকছে তাঁর জমজমাট নাচের পারফরম্যান্সও। তাঁর ছবির জনপ্রিয় গান— যেমন ‘চোখ তুলে দেখো না’ এবং ‘আমি আমি জানি জানি’-তে পা মেলাবেন তিনি। লড়াকু লক্ষ্মীরা টলিপাড়ার এই তারকাকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত। মহিলাদের জীবন সংগ্রামের গল্প শুনে তিনি সাহস জুগিয়েছেন এবং বলেছেন, এই শো নিছক বিনোদন নয়, এটি এক সামাজিক দায়বদ্ধতা পালন করেছে।
লক্ষ্মী ব্যাঙ্ক ও নতুন খেলার ফরম্যাট
মহিলাদের স্বনির্ভর হওয়ার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই উদ্যোগ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অত্যন্ত সফলভাবে এই শো-টির সঞ্চালনা করছেন। তিনি বারবার জানিয়েছেন, এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে জীবন সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা অনেকটাই বদলে গেছে এবং নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন।
নিয়মিত পর্বে তারকারা খেলতে এসে যে টাকা জেতেন, তা দিয়ে তৈরি হয়েছে ‘লক্ষ্মী ব্যাঙ্ক’। এবার বর্ষপূর্তির উৎসবে এই ‘লক্ষ্মী ব্যাঙ্ক’-এর টাকা থেকে মোট ছয়জন লড়াকু মা লক্ষ্মীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে ৫০ হাজার টাকা, যাতে তাঁরা তাঁদের স্বপ্নপূরণের দিশা খুঁজে পান।
বর্তমানে শো-টি পাঁচ রাউন্ডে খেলা হয় এবং প্রতি পর্বে এখন থেকে তিনজন নয়, চারজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। নতুন ফরম্যাটে ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’-এর মতো মজার খেলার সঙ্গে যুক্ত হয়েছে নতুন খেলা— ‘টাকার গদি’।
বাংলার সব মহিলারাই অডিশনের মাধ্যমে এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। দর্শকদের বিপুল চাহিদার কারণে এখন শোটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হয়।